লামের সিদ্ধান্তে সমর্থন ইব্রার

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৪২
জার্মান অধিনায়ক ফিলিপ লামের বিশ্বকাপ জয় শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন প্যারি সেন্ট জার্মেই (পিএসজি) স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। লামের সিদ্ধান্তকে সমর্থন করে ইব্রা বলেন, তিনি সঠিক সময়েই বিদায় নিয়েছেন। কেননা এর চেয়ে ভাল সময় আর তিনি নাও পেতে পারতেন। মাথা উঁচু করেই তিনি বিদায় বলেছেন। ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লাম। ৩০ বছর বয়সী এ জার্মান তারকা গত শুক্রবার সিদ্ধান্তটি জানানোর পর অনেকেই এতে মর্মাহত হন। ইব্রাহিমোভিচ মৌসুম পূর্ব প্রস্তুতি ম্যাচে রেড বুলসের কাছে ২-৪ গোলে পিএসজির হারের পর বলেন, দেশের হয়ে ১১৩ ম্যাচ খেলা বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ এ অধিনায়ক নিঃসন্দেহে সঠিক সময় বেছে নিয়েছেন। সুইডিশ এ স্ট্রাইকার বলেন,‘আমি জানি না এখানে আর কি থাকতে পারে, কেননা তিনি বিশ্বকাপ জিতেছেন। সুতরাং এখন অবসর নয় কেন? তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং এখন থেমে যাওয়াটাই সবচেয়ে ভাল পথ, যদি তিনি থামতে চান। তবে এটা তার নিজস্ব সিদ্ধান্ত এবং আপনি তখনই থামবেন যখন আপনি শীর্ষে থাকবেন।’ বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারটি আরো বলেন,‘এর চেয়ে বেশি কিছু তিনি দিতে পারবেন না। সুতরাং আমি মনে করি তিনি সুন্দরভাবেই শেষ করেছেন।’ জার্মানির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লাম। দেশের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে কেবল লুকাস পোডোলস্কি, মিরোস্লাভ ক্লোসা এবং লোথার ম্যাথুজের। বাসস