ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে এক ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করা দ্বাদশ ভারতীয় বোলার হবার কৃতিত্ব অর্জন করলেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের দারুণ বোলিং সত্ত্বেও শেষ খবর পাওয়া পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ডই। ভারতকে দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানে থামিয়ে দিয়ে চতুর্থ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩৬ রান। দেড়দিনেরও বেশী সময় এবং নয়টি উইকেট হাতে রেখে তাদের প্রয়োজন আর ২৮৩ রান।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শনিবার ৮২ রানে ৬ উইকেট শিকার করে এ গৌরব অর্জন করেন কুমার। ৮ টেস্ট ম্যাচ খেলা কুমারের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারও এটা।
অমর সিং(৬/৩৫, ১৯৩৬) এবং বাঁহাতি স্পিন গ্রেট বিষেণ সিং বেদির পর(৬/২২৩, ১৯৭৪) এক টেস্টে ৬ উইকেট শিকার করা মাত্র তৃতীয় বোলারও এখন কুমার।
প্রথম ইনিংসে সফরকারীদের করা ২৯৫ রানের মধ্যে লর্ডসে অভিষেক হওয়া আজিঙ্কা রাহানের ১০৩ রানের পর ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ভারতের দ্বিতীয় খেলোয়াড় এখন কুমার।
লর্ডস গ্রাউন্ডের নিয়মানুযায়ী কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করলে এবং কোন বোলার ৫ উইকেট পেলে লর্ডসের অনার বোর্ডে তাদের নাম লেখা থাকে । তাই রাহানে এবং কুমার উভয়ের নামই এখন শোভা পাবে লর্ডসের অনার বোর্ডে।
এদিকে, আগের দিন চার উইকেটে ১৬৯ রান নিয়ে দিন শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস থামে ৩৪২ রানে। সর্বোচ্চ ৯৫ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের ব্যাট থেকে। শেষ দিকে নেমে ৬৮ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। তিনটি করে উইকেট নেন বেন স্টোকস ও লিয়াম প্লাঙ্কেট।
দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে সপ্তম ওভারেই ধাক্কা দেন জাদেজা। ওপেনার রবসনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত কুক ১১ ও ব্যালান্স ১২ রানে খেলছিলেন। -ওয়েবসাইট
লর্ডসে কোন টেস্টে এক ইনিংসে ৫ অথবা ততোধিক উইকেট শিকার করা ভারতীয় বোলারদের তালিকা:
১৯৩৬ অমর সিং ৬-৩৫
১৯৪৬ লালা অমরনাথ ৫-১১৮
১৯৫২ ভিনু মানকান্দ ৫-১৯৬
১৯৫৭ রমাকান্ত দেশাই ৫-৮৯
১৯৬৭ ভগবত চন্দ্রশেখর ৫-১২৭
১৯৭৪ বিষেন সিং বেদি ৬-২২৩
১৯৮২ কপিল দেব ৫-১২৫
১৯৮৬ চেতন শর্মা ৫-৬৪
১৯৯৬ ভেংকটেশ প্রাসাদ ৫-৭৬
২০০৭ রুদ্র প্রতাপ সিং ৫-৫৯
২০১১ প্রবীন কুমার ৫-১০৬
২০১৪ ভুবনেশ্বর কুমার ৬-৮২
