থিম সং
গত কয়েক বছর ধরে শুধুমাত্র গাননির্ভর চ্যানেল হয়ে দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় চ্যানেল এখন সিক্সটিন। তবে এতদিন পরে হলেও চ্যানেলের একটি থিম সং নির্মাণ করল প্রতিষ্ঠানটি। জাহিদ আকবরের কথায় ও আরফিন রুমীর সংগীতে এ গানে কণ্ঠ দিলেন আরফিন রুমী, সালমা, ইমরান, লিজা, পূজা, নাওমী, কাজী শুভ, বেলাল খান, অরিন ও ইলিয়াস হোসেন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। চন্দন চৌধুরীর নির্দেশনায় মিউজিক ভিডিওতে সব শিল্পীই অংশ নিয়েছেন। ঈদের আগে থেকেই ভিডিওটি চ্যানেল সিক্সটিনে নিয়মিত প্রচার করা হবে।
চ্যানেলটির থিম সং প্রসঙ্গে সিক্সটিনের কর্ণধার এমএ মুহিত বলেন, ‘খুব স্বল্প পরিসরে বিশাল এক স্বপ্ন নিয়ে আমাদের এই চ্যানেলটির যাত্রা। শিল্পীরাই এটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেশমাতৃকা নিয়ে এই থিম সংটি তৈরি করলাম।’ থিম সংটির নির্মাণ পরিকল্পনা, আয়োজন ও প্রযোজনা করেছেন এমএইচ পাভেল।
