ডিএসই’র লেনদেন তিনশ’ কোটি টাকার বেশি

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:৪৮
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩০৯ কোটি টাকা। ১৩ কার্যদিবস পর ডিএসই’র লেনদেন তিনশ’ কোটি টাকা পেরিয়েছে। এদিকে লেনদেনের ক্ষেত্রে গতকালও বেক্সিমকো লিমিটেড শীর্ষ স্থানে ছিল। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৯ কোটি ২ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৫ কোটি ৩২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ২৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২ কোটি ১২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২০৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। ডিএসইসূত্রে জানা গেছে, শেয়ারবাজারের সদ্য তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দাম তর তর করে বেড়ে গেছে। গতকাল সোমবার পর্যন্ত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০৮ শতাংশ বা ২৭ টাকা। তথ্যে দেখা গেছে, গত মঙ্গলবার লেনদেনের প্রথম দিন এ কোম্পানির শেয়ার দর বেড়েছিল ৪৬ শতাংশ। এরপর বুধবার বাড়ে ১০ দশমিক ১৩ শতাংশ। বৃহস্পতিবার বাড়ে ১১ দশমিক ৪৪ শতাংশ। আর রবি ও সোমবার যথাক্রমে ১৫ দশমিক ৪০ ও দেড় শতাংশ। নিয়মানুসারে আইপিও থেকে আসা নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দর ওঠানামার ক্ষেত্রে প্রথম পাঁচ কার্যদিবসে কোন মূল্যসীমা বা সার্কিট ব্রেকার থাকে না। তবে শেয়ার লেনদেনের পাঁচ কার্যদিবস পার হওয়ায় আজ মঙ্গলবার থেকে এ শেয়ারের দর ওঠানামার ক্ষেত্রে সার্কিট ব্রেকার কার্যকর হবে।