ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে শিশু ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১১
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে সোমবার সকালে ওয়াসিম (১২) নামে বাংলাদেশি এক শিশুকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। ওয়াসিম হরিপুর উপজেলার মোন্নাটুলি গেরুাডাঙ্গী গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সীমান্তের ৩৬৯ নম্বর পিলার এলাকায় ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের শ্রীপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে শিশুটিকে ধরে নিয়ে যায়। ঠাকুরগাঁও ৩০ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই সীমান্ত এলাকা সংলগ্ন জমিতে আমন ধান রোপন করছিল আলতাফ হোসেন ও তার ছেলে ওয়াসিমসহ চারজন। এ সময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তারা ওয়াসিমকে ধরে নিয়ে যায়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দিয়েছে ঠাকুরগাঁও-৩০ বিজিবি। বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।