আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইসরাইল প্রায় দুই সপ্তাহ ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের লক্ষ্যবস্তু মূলত নারী ও শিশু। ইসরাইলের এমন বর্বরতা ও অপরাধ সত্ত্বেও জাতিসংঘ, আরবলীগ, ওআইসি কিংবা পার্শ্ববর্তী দেশগুলো নীরব ভূমিকা পালন করছে। যা খুবই লজ্জাজনক। এমনই অভিমত ব্যক্ত করে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি নারী, শিশু ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে কর্মজীবী নারী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি করে মানবাধিকারের ধারক-বাহক ও সার্টিফিকেটদাতা আমেরিকা ও পশ্চিমা গোষ্ঠী’র ইসরাইলের পক্ষে অবস্থানের নিন্দা জানান হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি শিরীন আখতার এমপি। আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য উম্মে হাসান ঝলমল, সমন্বয়ক সানজিদা সুলতানা, নাসরীন আরা বেগম, সংগঠক মোর্শেদা জাহান, হাসিনা আখতার, রাজীব আহমেদ, শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।
