চাকরির নামে ঘুষ গ্রহণ
পুুলিশের এসআই পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম শামীম আল মামুন। রবিবার রাজধানীর ওয়ারী থানায় দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওয়ারী থানার ওসি মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করেছেন।
দুদক সূত্র জানায়, ওয়ারী থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন কনস্টেবল শামীম আল মামুন। ওই চাকরিতে থাকা অবস্থায় তিনি দু’জনকে এসআই হিসেবে চাকরি দেয়ার কথা বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার শাহীন কাদিরের কাছ থেকে ছয় লাখ টাকা ঘুষ নেন। পরে চাকরি দিতে না পারায় ঘুষের টাকা চাইতে গেলে কনস্টেবল মামুন সেই টাকা ফেরত দিতে গড়িমসি করেন।
এক পর্যায়ে শাহজালাল ইসলামী ব্যাংকের চেকের মাধ্যমে ডা. শাহিনকে দুই লাখ টাকা ফেরত দেন। বাকি চার লাখ টাকা চাইতে গেলে ডা. শাহিনকে প্রাণনাশের হুমকি দেন কনস্টেবল শামীম আল মামুন। পরে ডাক্তার শাহীন কাদির বাকি চার লাখ টাকা না পাওয়ায় ওই কনস্টেবলের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন।
অভিযোগটি আমলে নিয়ে গত বছরের ১৫ জুলাই থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমানকে দায়িত্ব দেয় কমিশন। তার এই অনুসন্ধানে ছয় লাখ টাকা ঘুষ গ্রহণের সত্যতা পাওয়া যায়।
