যুদ্ধ-পথে যেতে আপত্তি ছিল বিমান কর্মীদের

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৩৩
মাটি থেকে তিরিশ হাজার ফুট উপরেও বিপদ ধেয়ে আসতে পারে, আশঙ্কা করেছিলেন ওরা। মাটিতে যুদ্ধকালীন পরিস্থিতি। তাই পূর্ব ইউক্রেনের আকাশ দিয়ে ওড়াটা ঠিক হবে না বলে আগে থেকেই কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন দুই বিমান কর্মী। তারা এতটাই ভীত ছিলেন যে শেষ পর্যন্ত অভিশপ্ত এমএইচ-১৭ তে ওঠেননি তারা। অন্য দুই সহকর্মীর সঙ্গে শিফট অদল-বদল করেছিলেন। তাই ভাগ্যক্রমে বেঁচে যান তারা। —খবর আনন্দবাজার পত্রিকার সোমবার এক ব্রিটিশ ট্যাবলয়েড এই খবর বেরোনোয় ফের কাঠগড়ায় মালয়েশীয় বিমান সংস্থা। তবে শুধু ওই দুই কর্মীই নন, বিমান সংস্থার চালক থেকে শুরু করে অন্য কর্মীরাও বেশ কয়েক দিন ধরেই ইউক্রেনের আকাশ দিয়ে ওড়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। কিন্তু বিমান কর্মীদের সেই আপত্তি কানে তোলার প্রয়োজন মনে করেননি বলে অভিযোগ। ফলে গত বৃহস্পতিবার আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে পূর্ব ইউক্রেনের আকাশ দিয়েই যাচ্ছিল এমএইচ-১৭। তবে বিমান কর্মীদের আপত্তির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। গত কয়েক মাসের মধ্যে রুশপন্থী বিক্ষোভকারীরা দু’টি ইউক্রেনীয় বিমানকে গুলি করে নামিয়েছিল। তাই আগেই বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের যাত্রাপথ বদল করার সিদ্ধান্ত নিয়েছিল।