মোস্তফা কামালকে বিসিবির সংবর্ধনা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫৫
আইসিসির নব নিযুক্ত সভাপতি আ হ ম মোস্তফা কামালকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রাজধানীর একটি হোটেলে তার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে সাবেক-বর্তমান ক্রিকেটারসহ বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১২ সালের অক্টোবরে আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হন মোস্তফা কামাল। এরপর গত ২৬ জুন প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ১১তম এই সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘ক্রিকেট একটি পরিবার। এখানে একক অবদান বলতে কিছু নেই। সবার অবদান নিয়েই ক্রিকেট এগিয়ে যায়। আইসিসি সভাপতি হিসেবে আমার অনেক পরিকল্পনা আছে। আমার পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। এজন্য সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’