পাকিস্তান অল-রাউন্ডার শহীদ আফ্রিদি দেশটির ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, সামনে যেসব মেধা উঠে আসছে তারা জাতীয় দলে দীর্ঘ সময় টিকে থাকার জন্য যথেষ্ট নয়।
পাকিস্তানের জন্য নতুন এবং তরুণ একজন অধিনায়ক খুঁজে বের করার সময় এটাই কি-না, এমন প্রশ্নের জবাবে জিও সুপার চ্যানেলের টক-শোতে মুখ খোলেন স্পষ্টভাষী আফ্রিদি। তিনি বলেন, ‘আমি উদ্বিগ্ন। কারণ অধিনায়কত্বের চাইতেও যেসব প্রতিভা উঠে আসছে তারা সন্তোষজনক নয়। একজন নতুন অধিনায়কের প্রসঙ্গে কথা বলার মতো মেধাটা কোথায়?’
ভারত তাদের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জায়গায় যদি কাউকে গড়ে তুলতে পারে, তাহলে পাকিস্তানেরও কি মিসবাহ-উল-হকের জায়গায় কাউকে উত্তরসূরী হিসেবে দেখা দরকার নয়? এ ব্যাপারে অল-রাউন্ডারটি বলেন, ‘ধারণাটা ভালো। কিন্তু এই দায়িত্ব পালন করার প্রতিভা কোথায়। আমিতো কাউকে দেখছি না। সত্যি বলতে কি ২০১৫ সালের বিশ্বকাপের পর যখন সিনিয়র খেলোয়াড় চলে যাবেন, সেই সময় দলের কী অবস্থা হবে ভেবে আমি দুশ্চিন্তায়।’
আফ্রিদি তাই ভবিষ্যত্ নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের ভাবার প্রয়োজন আছে বলে মত দেন,‘আমি জানি না। সত্যি বলতে বিশ্বকাপের পর যখন সিনিয়ররা চলে যাবেন, তখন কী ঘটে তা আমাদের দেখতে হবে।’
পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য বোর্ডের পরিকল্পনা গ্রহণ করা দরকার বলে মনে করেন তিনি। তবে আসন্ন বিশ্বকাপে পাকিস্তান দলে তিন থেকে চারজনের বেশি জুনিয়র খেলোয়াড় রাখার পক্ষপাতি নন আফ্রিদি, ‘আমাদের এখনো সিনিয়র খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে হয়। আমাদের এগিয়ে নিতে হবে।’
পর্যাপ্ত পরিমাণ মেধাবী খেলোয়াড় না আসায় অনুশোচনা করে আফ্রিদি বলেন, ‘এটা আমাকে মনঃক্ষুণ্ন করে। করাচির দিকে তাকান, গত কয়েক বছরে এখান থেকে কয়জন ক্রিকেটার সর্বোচ্চ পর্যায়ে ওঠে আসতে পেরেছে? অথচ একটা সময়ে করাচি পাকিস্তান ক্রিকেটের নার্সারি ছিল।’
প্রধান কোচ ওয়াকার ইউনিস, ম্যানেজার ও প্রধান নির্বাচক মইন খান, স্পিন বোলিং উপদেষ্টা মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার এবং ফিল্ডিং কোচ কাম ট্রেইনার গ্র্যান্ট লুডনের প্রতি তার আস্থা ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে আফ্রিদি, ‘তারা একসঙ্গে কাজ করতে পারলে, আমরা ভাল ফল উপহার দিতে পারবো। তারা একটি ইউনিট হয়ে কাজ করতে না পারলে ফল উত্সাহদায়ক হবে না। তাই তাদের একসঙ্গে মিলে কাজ করাটা খুবই দরকার। তারা অনেক অভিজ্ঞতাসম্পন্ন এবং তারা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু করতে পারবেন।’ ডনস্পোর্টস
