বায়ার্নের বড় লক্ষ্য আছে - ফিলিপ লাম

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫৬
কোচ পেপ গার্দিওয়ালার অধীনে এ মৌসুমে আরো অনেক শিরোপা জিততে চান ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া ফিলিপ লাম। বায়ার্ন মিউনিখ অধিনায়ক লাম জানান, ২০১৪-১৫ মৌসুমে তার ক্লাবের লক্ষ্য অনেক। লাম বায়ার্নের হয়ে ২২ আগস্ট উলফসবার্গের বিপক্ষে খেলার মধ্য দিয়ে বুন্দেশলিগা মিশন শুরুর প্রাক্কালে এ অভিপ্রায় জানান। বায়ার্ন মিউনিখ গত মৌসুমে উয়েফা সুপার কাপ, বিশ্ব ক্লাব কাপ, বুন্দেশলিগা এবং ডিএফবি-পোকালসহ মোট চারটি শিরোপা জেতে; কিন্তু এই সময়ে তারা সবচাইতে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাই ধরে রাখতে পারেনি। আগের বছরই ব্যাভারিয়ান ক্লাবটি এ শিরোপা জিতেছিল। লাম গেল গ্রীষ্মে তার ট্রফি সংগ্রহের তালিকায় জাতীয় দলের হয়ে বিশ্বকাপটিও জিতে নেয়ার পর এখন জার্মান জায়ান্টদের হয়ে আরেকটি বর্ণাঢ্য মিশন শুরু করতে চান। জার্মানির বিল্ড এম সনটাগ পত্রিকাকে তিনি বলেন, ‘আমি বায়ার্নে ফেরার অপেক্ষায় আছি। বায়ার্ন সব সময়ই বড় স্বপ্ন দেখে।’ জার্মানির হয়ে তিনি ১১৩টি ম্যাচ খেলেছেন। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ২০ বছর বয়সে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলাটিতে তার অভিষেক হয়েছিল। এর আগে অনূর্ধ্ব ১৭, অনূধ্ব ২১ দলে খেলেই জাতীয় দলে এসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনবার এবং সমানসংখ্যক বিশ্বকাপের আসরে খেলেন তিনি। গার্দিওলা এক বছর আগে তিন শিরোপা জয়ী ইয়ুপ হেইঙ্কেসের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় টানা দ্বিতীয় মৌসুম শুরু করতে যাচ্ছেন। স্প্যানিশ এ কোচ তাকে ফুল ব্যাক থেকে ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত করেছেন। তারও আগে ২০০৬ সালে লেফট ব্যাক, ২০১০ সালে রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন তিনি। জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় এখন পুরোপুরি বায়ার্নের প্রতিই নজর থাকবে ৩০ বছর বয়সী লামের। বুন্দেশলিগায় নামার আগেই অবশ্য লামের দল ১৩ আগস্ট ডিএফএল-সুপারকাপের খেলায় জার্মানির আরেক বড় দল বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবেলায় নামবে বায়ার্ন। কোচ য়ুর্গেন ক্লপের বরুশিয়ার জন্য এটি হবে ২০১৩ সালের কাপটির ফাইনালে হারের শোধ নেয়ার লড়াই। -বাসস