ইউক্রেনের ক্লাবে ফিরতে সাত ফুটবলারের অনীহা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫৭
কমপক্ষে সাত জন বিদেশি ফুটবলার মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে ইউক্রেনের শীর্ষ দুটি ক্লাবে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়। চ্যাম্পিয়ন শাখতার দোনেেস্কর ছয়জন এবং মেটালিস্ট খারকিভের এক আর্জেন্টাইন খেলোয়াড় তাদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। রাশিয়ার ইতার-তাস সংবাদ সংস্থা জানায়, গত শনিবার একটি প্রীতি ম্যাচে ফরাসি দল লিয়ঁর কাছে ৪-১ গোলে পরাজিত হওয়ার পর দোনেেস্কর ছয় খেলোয়াড় ইউক্রেনে ফিরতে অস্বীকৃতি জানান। বার্তা সংস্থাটি পাঁচ জনের নাম প্রকাশ করে। এরা হলেন ব্রাজিলের অ্যালেক্স টেক্সেইরা, ফ্রেড, ডগলাস কস্তা, ডেন্টিনহো এবং আর্জেন্টিনার ফাচুন্ডো ফেরেইরা। যদিও শাখতারের জেনারেল ম্যানেজার সার্গেই পালকিন ট্রাইবুনা ওয়েবসাইটকে বলেন,‘এই মুহূর্তে আমি কোন মন্তব্য করতে চাই না।’ আর স্পোর্ট নামের একটি সংস্থা জানায় অস্ট্রিয়ায় একটি অনুশীলন ক্যাম্প থেকে ইউক্রেন ফিরতে অস্বীকৃতি জানান খারকিভসের আর্জেন্টাইন মিডফিল্ডার সেবাস্তিয়ান ব¬াঙ্কো। ২৫ বছর বয়সী এ খেলোয়াড়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘মালয়েশিয়ান বিমান ধ্বংস হওয়ার পর ইউক্রেনে ফেরার কোন ইচ্ছে আমার নেই। বর্তমানে সেখানকার অবস্থা খুবই অস্বাভাবিক এবং আমি বুয়েন্স আয়ার্সেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ ইউক্রেন ফুটবল ফেডারেশন (এফএফইউ) অবশ্য সেদেশের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও ২৫ জুলাই থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এফএফইউ’র এক মুখপাত্র বলেন, ‘পুরো দেশ এ হূদয় বিদারক ঘটনায় শোকগ্রস্থ। এটা একটা ভয়ংকর ঘটনা। তারপরও এটা জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরুতে কোন প্রভাব ফেলবে না। আমরা মনে করি ফুটবলকে রাজনীতি থেকে দূরে রাখাই উচিত। বাসস/এএফপি