বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং কাণ্ডে সাজাপ্রাপ্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ বাকিরা আগের দেয়া ইঙ্গিত মতোই গতকাল আপিল করেছেন। সাজাপ্রাপ্তদের সূত্র থেকেই জানা গেল যে, তারা যার যার সাজার আবেদন পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত ডিসিপ্লিনারি কমিটির প্রধান, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশীদ বরাবর আবেদন করেছেন।
এই মামলায় সবচেয়ে বড় শাস্তি পাওয়া মোহাম্মদ আশরাফুল আগেই নিজের দোষ স্বীকার করেছিলেন। তারপরও তার হয়ে তার আইনজীবী আপিলের আবেদন করেছেন। আশরাফুল এই খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমার ব্রিটিশ আইনজীবী ই-মেইল মারফত আজ আপিল আবেদন করেছেন।’
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের দায়ে প্রাথমিকভাবে অভিযুক্ত সেলিম চৌধুরী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্মকর্তা গৌরব রাওয়াত, জাতীয় ক্রিকেটার মোশাররফ রুবেল ও মাহবুবুল আলম রবিন এবং ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সকে নির্দোষ ঘোষণা করেছিলেন ট্রাইবুন্যাল। এই ঘোষণার বিপক্ষে আবার আপিল করতে যাচ্ছে আইসিসি ও বিসিবি।
এরা নির্দোষ বলে রায় পেলেও ৮ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন আশরাফুল। সেই সঙ্গে দশ লাখ টাকা জরিমানা হয়েছে তার। এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকপক্ষের শিহাব চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়। শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লুকোরুয়াচ্চিকে ১৮ মাস ও নিউজিল্যান্ডের লু ভিনসেন্টকে ৩৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
