মোহামেডানকে রুখে দিল ব্রাদার্স

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫৮
মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলাটি গোলশূন্য ড্র হয়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে উভয় দল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যদিও মোহামেডানই গোলের সুযোগ পেয়েছিল বেশি; কিন্তু ড্রয়ের কারণে ২৬ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে দলটির জন্য তৃতীয় স্থানের লড়াইও কঠিন হয়ে পড়লো। অপরদিকে ব্রাদার্স সমানসংখ্যক খেলা শেষে পেলো ৩৮ পয়েন্ট। মোহামেডানের অরুপ কুমার বৈদ্য আট মিনিটের সময় ভাল সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে দেয়ার; কিন্তু বক্সে ঢুকে ব্রাদার্সের গোল কিপার সুজনকে একা পেয়ে তার মাথার উপর দিয়ে বল জালে ফেলতে চাইলে তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৩৮ মিনিটে মোহামেডানের তপু বর্মনের জোরালো শট গোলকিপার নিজের বাঁয়ে ঝাঁপিয়ে রক্ষা করেন। ব্রাদার্সের নাইজেরিয়ান খেলোয়াড় কেস্টার আকন ৪১ মিনিটে বক্সের ভেতর থেকে শট নিলে মোহামেডানের গোলকিপার মামুন খান তা রুখে দেয়ার পাশাপাশি লাইন্সম্যান অফসাইডের সংকেত দেন। তিন মিনিটের মধ্যেই বক্সের বাম প্রান্ত থেকে ব্রাদার্সের ফয়সাল মাহমুদের শটটিও ঠেকিয়ে দেন গোলকিপার মামুন খান। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে সকার ক্লাব ফেনী।