শর্মায় বিধ্বস্ত ইংল্যান্ড

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫৮
পেস আর বাউন্সের অসাধারণ এক যুগলবন্দিতে লর্ডস টেস্টের শেষ দিনে ভারতকে দারুণ এক জয় এনে দিয়েছেন ইশান্ত শর্মা। এই পেসারের সাত উইকেটে গতকাল ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে ৯৫ রানে। লর্ডসে গত আট দশকের মধ্যে এটা ছিল ভারতের মাত্র দ্বিতীয় জয়। আর দেশের বাইরে গত তিন বছরে প্রথম। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। ৩১৯ রানের জয়ের লক্ষ্যে চতুর্থ দিনের শেষভাগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড দিন শুরু করেছিল চার উইকেটে ১০৫ রান নিয়ে। উইকেটে থাকা দুই ব্যাটসম্যান অ্যালিস্টার কুক এবং মইন আলীকে বেশ স্বচ্ছন্দ মনে হচ্ছিল উইকেটে। ভারতীয় বোলারদের দক্ষহাতে সামলে দিনের প্রথম সেশনটা কোন উইকেট না হারিয়ে প্রায় কাটিয়ে ফেলেছিলেন তারা। সেশনের একেবারে শেষ মুহূর্তে আঘাত হানেন শর্মা। মধ্য বিরতির ঠিক আগের বলে মইনকে ফেরান তিনি। বিরতির পরপরই তুলে নেন ম্যাট প্রিয়রকেও। এরপর মাত্র ছয় বলের ব্যবধানে শর্মা বেন স্টোকস ও জো রুটকেও তুলে নেয় ম্যাচ মূলত সেখানেই হেরে বসে ইংল্যান্ড। খানিক বাদে নবম ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডকেও ফেরান এই দীর্ঘদেহী ডানহাতি পেসারই। আর শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসনকে রান আউট করে সেই ২০১১ সালের পর বিদেশের মাটিতে ভারতকে প্রথম জয় এনে দেন রবীন্দ্র জাদেজা। নয় ওভারের ঐ স্পেলে সবমিলে নয় ওভারে ৪১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন শর্মা। আর আগের দিনের দুই উইকেট মিলে শর্মার বোলিং ফিগার দাঁড়ায় ৭৪ রানে সাত উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিংও বটে। এর আগে প্রথম ইনিংসে লর্ডসে অভিষিক্ত আজিঙ্কা রাহানের ১০৩ রানের সুবাদে ২৯৫ রান করে সফরকারীরা। অন্যদিকে গ্যারি ব্যালান্সের ১১০ রানের উপর ভর করে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে করে ৩১৯ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নামা ভারতের দ্বিতীয় ইনিংস থামে ৩৪২ রানে। সর্বোচ্চ ৯৫ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের ব্যাট থেকে। শেষ দিকে নেমে ৬৮ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। তিনটি করে উইকেট নেন বেন স্টোকস ও লিয়াম প্লাঙ্কেট। দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে সপ্তম ওভারেই ধাক্কা দেন জাদেজা। ওপেনার রবসনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। তবে অধিনায়ক কুক এবং মইনের দৃঢ়তার সুবাদে চার উইকেটে ১০৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড। শর্মাই ম্যাচসেরা নির্বাচিত হন। এর আগে নটিংহ্যামে প্রথম টেস্ট ড্র হয়। আগামী ২৭ জুলাই এজবাস্টনে শুরু হবে তৃতীয় টেস্ট।