যতোই দিন গড়াচ্ছে ঈদ ততোই সামনে চলে আসছে। ঈদ উপলক্ষে যানজট ও ভিড় এড়াতে অনেকেই ইতোমধ্যে গ্রামের দিকে রওনাও হয়ে গেছেন। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ইতোমধ্যেই খালি হতে শুরু হয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই। আর যেগুলোতে এখনো ছুটি ঘোষণা করা হয়নি সেগুলোতেও চলছে ছুটি ঘোষণার প্রক্রিয়া। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে। পিছিয়ে নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে ২০ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যায়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা শুরু হবে ৫ অগাস্ট থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হয়েছে ২০ জুলাই থেকে। জুমাতুল বিদা, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সব বিভাগ ও প্রশাসনিক দফতরগুলো ৩১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আর ক্লাস বন্ধ থাকবে ৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছুটি থাকায় প্রশাসনিক অফিসগুলো ৩ অগাস্ট এবং ক্লাস ১০ অগাস্ট খুলবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৪ দিনের এ ছুটি শেষ হবে ৭ আগস্ট। ৮ আগস্ট শুক্রবার হওয়ায় শনিবার সব একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। ছুটি উপলক্ষে ২২ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সব আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ঈদের ছুটি শুরু হয়েছে ১৯ জুলাই থেকে । ৮ আগষ্ট পর্যন্ত ছুটি চলবে। ৯ আগস্ট থেকে যথারীতি শুরু হবে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে ২২ জুলাই থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ২৬ জুলাই থেকে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। তবে শুক্র ও শনিবার নিয়মিত ছুটি হওয়ায় ক্লাস শুরু হবে ২ আগস্ট থেকে। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বর্ষাকালীন ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ জুন হতে ৭ আগস্ট পর্যন্ত দেড় মাসের জন্য বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে সকল ক্লাস বন্ধ থাকবে তবে ছুটিতে পুর্বঘোষিত পরীক্ষা সময়মতই চলবে।
এই ঈদে অনেক শিক্ষার্থী ঈদ উদযাপন করতে পারছে না তাদের পরিবারের সাথে। মোঃ ইমরান হোসেন নামের এক ছাত্র জানায়, আমার বাড়ি মুন্সীগঞ্জে। পরিবারের সাথে ঈদ উদযাপন ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত। পরিবারের সাথে প্রতিবার ঈদ উদযাপন করা হলেও এবার হচ্ছে না। কারণ ঈদের কিছুদিন পরই আমার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশেষ দিনগুলোতে পরিবারের সাথে না থাকাটা অনেক কষ্টদায়ক। আমার ইচ্ছা ঈদুল আজহা পরিবারের সাথে উদযাপন করব।
মোঃ আকরাম হোসেন নামের এক ছাত্র জানায়, আমার বাড়ি রাজবাড়ী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর থেকে দেশের বাড়ী যাওয়া হয়নি। অনেক দিনের দূরত্ব পরিবার ও প্রতিবেশীর সাথে। প্রতিবারই ঈদ উদযাপন করা হয় পরিবারের সাথে। এবারও আশা রাখছি পরিবারের সাথে ঈদ উদযাপন করব। এই বিশেষ দিনগুলোতে পরিবার থেকে দূরে থাকা যায় না।
দরুন্নেছা মহিলা কলেজের ছাত্রী চাঁদনী খন্দকার বলেন, আমার বাড়ি ফেনী। আমি প্রতিবারই পরিবারের সাথে ঈদ উদযাপন করা হয়। এবার আর করা হচ্ছে না হয়ত। ঈদের পরপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরিবারের সাথে ঈদ উদযাপন করার সুযোগ হবে না। তারপরও চেষ্টা থাকবে পরিবারের সাথে ঈদ উদযাপন করার।
ছবি: রেজা চৌধুরী
