বাবার নারী ভার্সন!

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪২
ভারী মিষ্টি ও শান্ত-শিষ্ট! সামনাসামনি দেখলে যে কেউ তার নামে এরকম একগাদা প্রশংসাবাণী ছড়াবে নিশ্চিত। অথচ ছোটবেলায় তার দস্যিপনা নাকি সবার চিন্তার কারণ হয়ে দাঁড়াতো। মেয়েটি একদিন মায়ের কাছে গিয়ে বায়না ধরল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে। কিন্তু কিছুতেই যেতে দিবেন না মা। জেদী মেয়েটির সেদিনের নাওয়া-খাওয়া বন্ধ। হাতগুটিয়ে বসে থাকলে কি আর চলে? বুদ্ধি খাটিয়ে মিলিয়ে ফেলল একটা উপায়। মায়ের বোরকা পরে আস্তে আস্তে বাসার পেছনের দরজা দিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ল মেয়েটি। প্রতিযোগিতায় বন্ধুদের পেছনে ফেলে একে একে নাচ, গান, আবৃত্তি, দৌড় প্রতিযোগিতায় সে সাতসাতটি পুরস্কার জিতল! সেদিন দুই হাতভর্তি পুরস্কার নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছিল মেয়েটি। পুরস্কারের জন্য পুরস্কারস্বরূপ মায়ের শাস্তি থেকেও পার পেয়ে গেল। ভাগ্যবান সেই মেয়েটি নুসরাত জাহান খান নিপা। সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স শেষ করেছেন। শৈশব থেকে বাসায় নাচ, গান, অভিনয়, আবৃত্তি শেখার কোন পরিবেশ না থাকলেও এসব বিষয়ে নিজ গুণেই পারদর্শী হয়ে উঠেন নিপা। নিপার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। বাবা মোঃ নূরন্নবী খান কাজ করতেন সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে। পাশাপাশি তিনি সোনালী ব্যাংক ভলিবল টিমের কোচ হওয়ায় বাসায় ফেরার সময় নিয়ে আসতেন ভলিবল। আলমারিতে সাজানো ভলিবলে নিপাকে খুব একটা টানতো না। তবে বাবার আগ্রহেই নিপা হয়ে উঠেন খেলাপাগল। অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় বৃহত্তর ময়মনসিংহে আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিপা। নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, হামদ-নাত, খেলাধুলায়ও ছিল নিপার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্কুল ও কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার আনা ছিল তার নেশা। ২০০৪ সালের দিকে আন্তঃস্কুল ও কলেজ প্রতিযোগিতায় ময়মনসিংহে জেলা পর্যায়ে হামদ-নাতে ৩য় ও ছবি আঁকাতে হন ২য়। আগে থেকেই ইচ্ছে ছিল অভিনয়টা শিখবেন। ব্যাটে বলে মিলেও গেল। নিপা ভর্তির সুযোগ পেয়ে গেলেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে নাট্যকলা নিয়ে পড়াবস্থায় তিনি প্রায় ২৫টি প্রদর্শনীতে মঞ্চে অভিনয় করেন। ভারতীয় হাই কমিশনারের আমন্ত্রণে ভারতে আন্তর্জাতিক নাট্যোত্সবে পারফর্ম করার সুবাদে গিয়েছেন ত্রিপুরা, কলকতা, দিল্লী। সেখানে ‘কমলা রাণীর সাগরদিঘী’ শিরোনামের লোকনাটকের ৩টি শোতে অভিনয় করে প্রশংসিত হন। মঞ্চ কাজের প্রয়োজনে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন জায়গায়। গতবছর বাংলাদেশ নৌবাহিনী নিয়ে অনুষ্ঠান ‘অনির্বাণ’-এর একটি নাটিকাপর্বে অভিনয় করে সাড়া পান নিপা। এ পর্যন্ত ৮টি টেলিভিশন নাটকে কাজ করেছেন তিনি।