এনএসইউ আর্থ ক্লাব

পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৫
পৃথিবীই একমাত্র সৌরজগতের আবাসযোগ্য গ্রহ। পৃথিবীকে সুজলা-সুফলা শস্য-শ্যামলিমা করার মাধ্যমে আবাসযোগ্য করে তুলেছে সবুজ বৃক্ষরাজি। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার আধিক্যের ফলে বৃক্ষ নিধন করে শিল্প-কারখানা আর পাহাড় কেটে বাসগৃহ গড়ে তোলা হচ্ছে। ফলে পৃথিবীর পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যত্ প্রজন্ম মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এজন্য এখনই সচেতন হওয়া এবং সচেতনতা গড়ে তোলা উচিত। আর সামান্য সচেতন হলেই আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি। আর এই ভাবনাটি শিক্ষার্থীদের ভাবনায় গেঁথে দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্থ ক্লাব। সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা এবং সকলের মাঝে বিষয়টিকে অবগত করাই এনএসইউ আর্থ ক্লাবের লক্ষ্য। শুধুমাত্র নিজেদের ক্যাম্পাসেই নয় এনএসইউ আর্থ ক্লাব গত এপ্রিল-মে মাসব্যাপী পরিবেশগত স্কুল ক্যাম্পেইন আয়োজন করেছে। তাদের এই পরিবেশ রক্ষার প্রচারাভিযানের লক্ষ্য হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশগত বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই প্রচারাভিযানে শেখানো হচ্ছে কীভাবে ফেলনা জিনিস থেকে নতুন জিনিস তৈরি করা যায়। আর্থ ক্লাব এই পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল, ডন বস্ক স্কুল, মাইলস্টোনসহ মোট ৯টি স্কুলে প্রচারাভিযান চালিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাবের সভাপতি মোহাম্মদ সাকিরুল্লাহ বলেন, স্কুল শিক্ষার্থীদের মাঝে বেশ উত্সাহ-উদ্দীপনা পেয়েছি। তাদের এই বিষয়ে জানার প্রতি আগ্রহ ছিল অনেক। প্রথমে আমরা শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করি এবং প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে পতাকা দিই, এবং নানান ধরনের অব্যবহূত ফেলনা জিনিসপত্র দেয়া হয় আর তারা সেসব থেকে প্রয়োজনীয় জিনিস তথা ব্রেসলেট, কলমদানি, ফুলদানি, নৌকাসহ আরো অনেক কিছু তৈরি করে। এবং ক্লাবের সাধারণ সম্পাদক সালমান আসিফ নাঈম বলেন, বিভিন্ন মেলায় স্টল দেয়াসহ আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের আরো বেশকিছু নতুন কার্যক্রমের পরিকল্পনাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এরকম পরিবেশ সচেতনতামূলক ভবিষ্যতে আরো নেয়া উচিত, যাতে সবাই রাস্তায় কাগজ, ময়লা ফেলার আগে দ্বিতীয়বার চিন্তা করে। নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাব ১৯৯৬ সালে যাত্রা শুরু করে এবং তখন থেকেই এই ক্লাব পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নিয়ে আসছে। ক্লাবটি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রদের দ্বারা প্রবর্তিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাব বিভিন্ন কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে এ দেশের সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে চায়।