কন্যাসন্তানের মা হলেন ছোটপর্দার অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। ২০ জুলাই সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে (স্থানীয় সময়) আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে মেয়ের মুখ দেখেন তিনি। চিকিত্সক শওকত জাহানের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে মৌয়ের সন্তানের জন্ম হয়। এ সময় হাসপাতালে ছিলেন তার স্বামী মনিরুল ইসলাম। এই দম্পতির কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ওয়ানিয়া মাহনূর মাহা। বিয়ের ১৩ বছর পর সন্তানের মা হলেন মৌ। ২০০১ সালের ১৫ নভেম্বর মনিরুল আলমের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি। মৌ ই-মেইলে ইত্তেফাককে বলেন, ‘আমি ও আমার মেয়ে দু’জনই সুস্থ আছি। এটা আমার প্রথম সন্তান। তাই আনন্দটা আরও বেশি। আমি সবার দোয়া কামনা করছি।’
তাহমিনা সুলতানা মৌ ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ নাটকে টেলিভিশনে দর্শক তাকে প্রথম দেখেন। এখন তার অভিনীত ‘এলেবেলে’, ‘অলসপুর’, ‘কেবলই স্বপন করেছি বপন’ ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।
