তারুণ্যনির্ভর ‘আনন্দমেলা’র চ্যালেঞ্জ নিয়ে আনজাম মাসুদ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:১৫
সম্পূর্ণ তারুণ্যনির্ভর ‘আনন্দমেলা’ নির্মাণ নিয়ে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্মাতা উপস্থাপক আনজাম মাসুদ। অনেকটা বাজি ধরেই কাজটি তিনি করছেন। এ নিয়ে চারবার তার ‘আনন্দমেলা’র উপস্থাপনা করলেন। এমনিতেই বিটিভির নিজস্ব প্রযোজনার এই অনুষ্ঠানটি নিয়েই ঈদের পর ভালোমন্দ আলোচনা হয়। তাই এবারে সেই আলোচনাকে প্রশংসায় আনতেই খানিক ব্যতিক্রমী পথে হাঁটা। আনজাম মাসুদ বলেন, ‘তরুণদের নিয়ে কাজটি আরও কঠিন। কারণ তারা এখন ব্যস্ত। তাই সেই শিডিউলগুলো মিলিয়ে একসাথে জড়ো করাটাও অনেক কঠিন ব্যাপার ছিল। আমি প্রথমদিকে সিনিয়র দু-একজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তারা অনেকেই টাকা ছাড়া যেন কিছুই বোঝেন না। তাই নিজে থেকেই সিদ্ধান্ত বদলে তরুণদের নিয়ে এবারের ‘আনন্দমেলা’ সাজিয়েছি। আমার বিশ্বাস দর্শকেরা একবার ‘আনন্দমেলা’য় চোখ রাখলে আর অন্য চ্যানেলে যাবে না।’