কলম্বিয়া বনাম উরুগুয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। অ্যাবেল আগুইলারের হেড থেকে বল পেলেন জেমস রড্রিগেজ, লাতিনদের প্রিয় হামেস রড্রিগেজ। বাকিটা বিস্ময়! গোটা মারাকানা স্টেডিয়াম দেখলো অনন্য এক গোল। সময় নিলেন মাত্র দুই সেকেন্ড। বুক দিলে বল নামিয়ে নিলেন। এরপর দারুণ এক ভলি। চোখের পলকে ক্রসবারে লেগে বল ঢুকে গেল জালে। ম্যাচের ২৮ মিনিটের সেই গোলে রীতিমত হতভম্ব হয়ে গেলেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।
শুধু মুসলেরা বা উরুগুয়ে নয়, সেই গোলে চমকে গিয়েছিল স্টেডিয়ামে উপস্থিত প্রায় সত্তর হাজার দর্শকও। গোটা বিশ্বকাপেই দারুণ উজ্জ্বল রড্রিগেজ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বেশ ঘটা করেই। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠে গেছে তার হাতে।
এবার আরো একটি অনন্য অর্জন লেখা হয়ে গেল তার নামের পাশে। ফিফা ডট কমের চার কোটি পাঠকের ভোটে উরুগুয়ের বিপক্ষে তার করা গোলটি পেয়ে গেল সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা।
এই অর্জনের মধ্য দিয়ে অসামান্য এক ধারাবাহিকতা ধরে রাখলেন জেমস রড্রিগেজ। টানা তিন বার বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা জুটলো কোন লাতিন আমেরিকান খেলোয়াড়ের ঝুলিতে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় এই পুরস্কার পান উরুগুয়ের ডিয়েগো ফোরলান। এর চার বছর আগে জার্মানিতে একই পুরস্কার পান আর্জেন্টিনার ম্যাক্সি রড্রিগেজ।
সেরা গোলের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড রবিন ফন পার্সি। স্পেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই উরন্ত এক হেড থেকে ইকার ক্যাসিয়াসকে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।
