জেরার্ডকে মিস করবে ইংল্যান্ড

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:৫৬
দীর্ঘ সময়ের অধিনায়ক স্টিভেন জেরার্ডের ‘দুর্দান্ত’ নেতৃত্বকে ইংল্যান্ড ফুটবল দল মিস করবে বলে বলছেন কোচ রয় হডসন। জাতীয় দল থেকে অবসর নেয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা তার নেতৃত্বের গুণাবলী মিস করবো। এখন আমাদের তরুণদের নিয়ে এগিয়ে যেতে হবে।’ এদিকে জাতীয় দলের হয়ে ১১৪টি ম্যাচ খেলে ২১টি গোল করা জেরার্ডকে ইংল্যান্ডের ‘মহান সেবক’ হিসেবে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক ব্রায়ান রবসন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার জেরার্ডের জায়গায় যোগ্য কাউকে দেখছেন না বলেও জানালেন। অবসর নিলেও ইংল্যান্ড দল থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন রাখছেন না জেরার্ড। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে এখন থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ‘হাই-প্রোফাইল’ দূত হিসিবে দেখা যেতে পারে। দীর্ঘদিনের শীষ্যের প্রশংসা করে কোচ রয় হডসন বলেন, ‘সে মানুষ হিসেবে অসাধারণ এবং দুর্দান্ত ফুটবলার। ইংল্যান্ড দলের জার্সি গায়ে তার উপস্থিতি আমাদের সবাইকে ধন্য করতো। জাতীয় দলের হয়ে ১১৪টি ম্যাচ খেলা সহজ কথা নয়। এটা কাকতালীয়ভাবে হয় না। ম্যাচ খেলার এই পরিমাণই বলে দেয় সে কেমন মেধাবী। বুঝা যায় তার লক্ষ্য কত উপড়ে ছিল।’ জেরার্ডকে ‘বিস্ময়কর’ অধিনায়ক এবং ‘ব্যতিক্রমধর্মী রোল মডেল’ হিসেবে উল্লেখ করে হডসন আরো বলেন, ‘ভবিষ্যতে আমি তার মঙ্গল কামনা করছি। যদিও আমি জানি সে আমাদের পাশেই থাকবে এবং প্রয়োজনে আমি তার সমর্থন পাবো।’ ইংল্যান্ডের ৬৫ ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক রবসনও বলেছেন জাতীয় দল জেরার্ডকে অনেক মিস করবে। এছাড়া সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার টুইটারে লিখেছেন, ‘জেরার্ড ইংল্যান্ডের সেবক ছিল। অনেক বড় মাপের খেলোয়াড় ছিল সে, যে কি-না জাতীয় দলকে সবকিছুই দিয়েছেন।’ ইংল্যান্ডের সাবেক এবং লিভারপুলের বর্তমান ডিফেন্ডার জেমি ক্যারেগহার জেরার্ডের সিদ্ধান্তকে যথাযথ বলে উল্লেখ করেছেন, ‘খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে জেরার্ড। জাতীয় দলের হয়ে ১১৪টি ম্যাচ খেলে সে ইংল্যান্ডের মহান সেবকের পরিচয় দিয়েছে।’ জাতীয় দল এবং ক্লাব ফুটবলে জেরার্ডের অপর সতীর্থ মাইকেল ওয়েন টুইটারে লিখেছেন, ‘এটা জেরার্ডের জন্য খুবই বড় সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নিতে তার অনেক কষ্ট হয়েছে। ইংল্যান্ড তাকে মিস করবে।’ সাবেক অধিনায়ক এবং সতীর্থ রিও ফার্ডিনান্ড লিখেছেন, ‘জেরার্ড অবিশ্বাস্য খেলোয়াড়। জাতীয় দলের হয়ে একশোর বেশি ম্যাচ খেলা তার দারুণ একটি অর্জন।’ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান গ্রেগ ডাইক বলেছেন, ‘তার অবসরের ঘোষণা আমাদের জন্য দুঃখের খবর বৈকি। একই সঙ্গে দুর্দান্ত একটি ক্যারিয়ার উদযাপনেরও সুযোগ এটি। স্টিভেন ইংল্যান্ডকে তার সবকিছু দিয়েছে। আমরা তাকে অনেক মিস করবো।’ এফএ চেয়ারম্যান আরো বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি কিছু তার দেয়ার নেই। দীর্ঘস্থায়িত্বতা এবং একগ্রতার জন্য ইংল্যান্ডের সেরা একজন ফুটবলার হিসেবে তাকে সবাই স্মরণ করবে।’