ব্রাজিল বিশ্বকাপে নিজের হতাশাজনক পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন না পর্তুগাল উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নজর এখন ক্লাব ফুটবলে। শুরু হতে যাওয়া নতুন মৌসুমে ভাল কিছু করার জন্য মুখিয়ে আছেন তিনি। মৌসুম শুরুর আগে নিজেকে সম্পূর্ণ ফিট এবং প্রস্তুত বলেও দাবি করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।
নতুন মৌসুমে রিয়ালের হয়ে অনেক শিরোপা জিততে চান রোনালদো। ২৯ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘পুরো মৌসুমেই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। যেমনটা আমি প্রতি বছরেই করে থাকি। আবারও সেরা হতে, দলকে সাহায্য করতে, গোল করতে এবং দলকে শিরোপা এনে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’ টোকিওতে একটি স্পন্সর অনুষ্ঠানে রোনালদো এসব কথা বলেছেন। এটাও জানালেন যে, ক্লাব ফুটবলে ন্যূনতম আরও ছয় থেকে সাত বছর শীর্ষ পর্যায়ে থেকে খেলতে চান তিনি।
সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে আশানুরূপ ভাল করতে পারেনি রোনালদোর পর্তুগাল। একটি জয়, একটি ড্র এবং একটি হার নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। ইনজুরিগ্রস্ত রোনালদোর গোলের অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। তার পারফরম্যান্সহীনতা পর্তুগালকে বেশিই হতাশ করেছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাম পায়ের চোটে ভুগছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। যদিও ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে নিজেকে সম্পূর্ণ ফিট দাবি করেছেন রোনালদো, ‘এখন আমার কোনো ইনজুরি নেই। এখন আমি খুবই ভাল অনুভব করছি।’ সুস্থ্যতার সর্বোচ্চ পর্যায়ে থেকেই নতুন মৌসুম শুরু এবং শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই উইঙ্গার।
ক্লাব ফুটবল নিয়ে কথা বললেও সদ্য সমাপ্ত বিশ্বকাপে পর্তুগালের ভরাডুবি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রোনালদো। ক্লাবের হয়ে গত মৌসুমটাকে দুর্দান্ত বলে উল্লেখ করেছেন তিনি। রোনালদোর এ দাবিতে যুক্তি আছে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং কোপা ডেল রে শিরোপা এনে দেয়ার পাশাপাশি নিজেও অনেকগুলো পুরস্কার শোকেসে তুলেন। এরমধ্যে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরারের পুরস্কার, ব্যালন ডি’অর জয়, ইউরোপীয়ান ফুটবলে গোল্ডেন শোসহ আরও অনেক ব্যক্তিগত ট্রফি রয়েছে।
গত মৌসুমের সাফল্য এবারও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে রোনালদো বলেন, ‘এবারের মৌসুমে পাঁচ থেকে ছয়টি শিরোপা জয়ের সুযোগ আছে আমাদের। এটা করতে পারলে দারুণ হবে। আমিও নিজেকে মেলে ধরবো।’
‘প্রতি মৌসুমেই আমার লক্ষ্য থাকে নিজেকে শতভাগ প্রস্তুত করা। কেননা আমার কাছে প্রতিটি মৌসুমই চ্যালেঞ্জ। তাই এবারের মৌসুমেও আমি ভাল করতে চাই। আমি নিজেকে শতভাগ উত্সর্গ করেই খেলে থাকি। ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত আমি এভাবেই খেলে যেতে চাই’—বললেন রোনালদো।
