বাংলাদেশের ক্রিকেটের প্রথম মারকুটে তারকা বলা যায় তাকে। একসময় তার উইকেটে যাওয়া মানেই চার-ছক্কার প্রদর্শনী অনেকটা নিশ্চিত ছিল। এই মারকাটারি ব্যাটসম্যান আফতাব আহমেদকে নিয়ে অনেক স্বপ্নও দেখেছিল বাংলাদেশ; কিন্তু অনেকটাই নিজের খামখেয়ালিতে স্মৃতির আড়ালে চলে গেছেন এই চট্টগ্রামের ব্যাটিং অলরাউন্ডার।
অবশেষে নতুন ভূমিকাতে হলেও আবার স্বপ্ন নিয়ে ফিরে আসছেন আফতাব। এবার নিজের ব্যাটে নয়, স্বপ্ন দেখাতে চান দেশকে তার তৈরি করা ক্রিকেটারদের মাধ্যমে। বন্দরনগরী চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট অ্যাকাডেমী গড়ে তোলার খুব কাছাকাছি পৌঁছে গেছেন আফতাব।
আফতাবের নিজের যেমন স্বপ্ন পূরণ করতে না পারার বেদনা আছে। তেমনই চট্টগ্রামের সুদিন ফেরানোর একটা তাড়নাও আছে তার। এক সময়ের ক্রিকেটের উর্বরভূমি বলা হতো চট্টগ্রামকে। একসময় চট্টগ্রামের ক্রিকেটারদের যে দাপট জাতীয় পর্যায়ে ছিল তার ধারাবাহিকতা আর নেই।
এই সব বিষয় মাথায় নিয়েই আফতাব এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন ক্রিকেট অ্যাকাডেমী গড়ে তোলার। এ ব্যাপারে আফতাব আহমেদ সকলের সহযোগিতা কামনা করেছেন।
গত রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিলেও চলতি বছরের নভেম্বর মাস থেকে অ্যাকাডেমীর যাত্রা শুরু হবে বলে তিনি জানান। তিনজন ভালো মানের কোচের তত্ত্বাবধানে অ্যাকাডেমীর প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হবে। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও আউটার স্টেডিয়ামে চলবে তার কোচিং পরিচালনা। অনূর্ধ্ব-১৪, ১৫-১৭ ও ১৮-২১— এই তিনটি গ্রুপে শুরুতে ৩০ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করার পরিকল্পনা রয়েছে আফতাবের।
আফতাব নিজে যা শিখেছেন কিংবা রপ্ত করতে পেরেছেন, সেটা এবার কিশোর-তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চান। আফতাব এই অ্যাকাডেমি প্রসঙ্গে বলছিলেন, ‘নিজে এ জীবনে যা শিখেছি, সেটা তরুণদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সে বিবেচনাতেই ক্রিকেট অ্যাকাডেমী গড়ে তোলার স্বপ্ন।’
একাডেমীর ঘোষণা অনুষ্ঠানে সাবেক ও বর্তমানের অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার নূরুল আবেদীন নোবেল, নাফিস ইকবাল ও নাজিম উদ্দিনের পাশাপাশি স্থানীয় অনেক ক্রিকেটার ছিলেন। ঘোষণা অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায়। আফতাব আহমেদের ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, বিসিবির সাবেক পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীর, সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রাইম ডিস্ট্রিবিউশনের এমডি রাশেদুল আলম মামুন।
