কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে আজ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:৫৭
স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ থেকে শুরু হতে যাচ্ছে ২০তম কমনওয়েলথ গেমসের আসর। স্কটল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ আজ রাত ২টায় উদ্বোধন করবেন গ্রেট বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বরাবরের মতো এবারের কমনওয়েলথ গেমসের আসরেও অংশগ্রহণ করছে বাংলাদেশ। দশটি খেলার বিভিন্ন ইভেন্টে দেশের মোট ৩০ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলাদেশের অ্যাথলেটরা যে ইভেন্টগুলোতে অংশগ্রহণ করবে সেগুলো হল: সাঁতার, অ্যাথলেটিক্স (সিপ্রন্ট), বক্সিং, সাইক্লিং, জিমনেস্টিকস, ভারোত্তোলন, রেসলিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং শুটিং। প্রথম দিনই আজ সাঁতারে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ট্র্যাকে নামছেন বাংলাদেশের মোছা. মাহফুজা খাতুন। সাইক্লিং ট্র্যাকে দলীয় সিপ্রন্টে মাঠে নামছেন ইফতেখার আলম রাফাত, তারিকুল ইসলাম ও আলমগীর। ভারোত্তোলনে ৪৮ কিলোগ্রাম ইভেন্টে খেলবেন মোল্লা শাবিরা। টেবিল টেনিসে দলীয় ইভেন্টে খেলবেন মানস চৌধুরী, মোহাম্মদ জাভেদ আহমেদ ও খন্দকার আল মাহমুব বিল্লাহ। এবারের কমনওয়েলথ গেমসে ৭১টি দেশের প্রায় চার হাজার নয়শো অ্যাথলেট ১৭টি খেলার বিভিন্ন ইভেন্টে ২৬১টি পদকের জন্য প্রতিযোগিতা করবেন। তিন আগস্ট পর্দা নামবে ১০ দিনের এই প্রতিযোগিতার।