দ্বিতীয় হওয়ার লড়াইয়ে টিকে থাকলো মুক্তিযোদ্ধা

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:৫৮
নিটোল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে সকার ক্লাব ফেনীকে হারিয়ে কমপক্ষে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। লিগ শিরোপা আগেই নিশ্চিত করে বসে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগের রানার্স আপ এখনও নিশ্চিত হয়নি। ২৬ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে রানার্স আপের দৌড়ে একধাপ এগিয়ে আবাহনী লিমিটেড। পিছিয়ে নেই মুক্তিযোদ্ধা সংসদও। আজ আবাহনী যদি নিজেদের শেষ খেলায় চট্টগ্রাম আবাহনীকে হারাতে বা ড্র করতে পারে তাহলে তাদের দ্বিতীয় হওয়া নিশ্চিত। তবে হেরে গেলে সমস্যায় পড়তে হবে তাদেরকে, কারণ মুক্তিযোদ্ধা ২৬ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। মুক্তিযোদ্ধা যদি নিজেদের শেষ খেলায় উত্তর বারিধারাকে হারাতে পারে তাহলে ৪৯ পয়েন্ট নিয়ে আবাহনীর সমান তারা। সেই ক্ষেত্রে গোল ব্যবধানে রানার্স আপ হবে মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরু থেকেই সকার ক্লাব ফেনীর উপর একের পর এক আক্রমণ করতে থাকে মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা। খেলার ১৪ মিনিটে রক্তাক্ত হয় সকার ক্লাব ফেনী। ডি বক্সের মধ্যে মুক্তিযোদ্ধার সানডে সিজুবা এবং ফেনী সকারের মঞ্জুর রহমান মানিক বলে হেড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মানিকের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। মানিককে তাত্ক্ষণিক ঢাকা মেডিক্যাল হসপিটালে নিয়ে চিকিত্সা দেয়া হয়। মানিকের বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামানো হয় আব্দুল্লাহ আল-মামুনকে। ৩২ মিনিটে মুক্তিযোদ্ধার ইনামুল হক মাঝমাঠ থেকে শট নিলে ফেনীর গোলকিপার তা রুখে দেন। এক মিনিট ব্যবধানে মুক্তিযোদ্ধার সানডে সিজুবা ডি বক্সের উপর থেকে বাম পায়ে জোরালো শট নিলে ফেনীর গোলকিপার তা রুখে দেন। ৩৪ মিনিটে ডি বক্সের বামপাশ থেকে সানডে সিজুবার বাড়িয়ে দেয়া বলে শট করে দলকে জয় এনে দেয়া গোল নিশ্চিত করেন এলিটা কিংসলে। আজ বুধবার দিনের প্রথম খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন খেলবে টিম বিজেএমসির বিপক্ষে। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। খেলা দুটি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।