কাবুল বিমানবন্দরের কাছে তিন বিদেশি উপদেষ্টাসহ নিহত ৪

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:০৫
আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তালেবান সদস্যের আত্মঘাতী বোমা হামলায় তিন বিদেশি উপদেষ্টাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত তিন বিদেশি উপদেষ্টারা কোন দেশের নাগরিক তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। —খবর টাইমস অব ইন্ডিয়ার। পুলিশ জানায়, আত্মঘাতী হামলাকারী নিজেকেও বোমায় উড়িয়ে দেয়। হামলায় নিহত তিন উপদেষ্টা ছাড়া অপর একজন হচ্ছেন দোভাষী। পুলিশ আরো জানায়, এর কয়েকদিন আগেও এই বিমানবন্দরটি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল। সেসময়ে এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছিল। চার হামলাকারী অত্যন্ত পরিকল্পিতভাবে তখন হামলা চালিয়েছিল। আত্মঘাতী এ হামলাকারীরা তারাও নিজেদের বোমায় উড়িয়ে দেয়। তালেবান জঙ্গিরা মূলত এই স্থানটিকে এখন বেশি টার্গেট করে হামলা চালাচ্ছে। মঙ্গলবারের ওই হামলার দায়িত্ব স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের হামলা স্বার্থক হয়েছে। তবে তিনি এ হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত অথবা আহত হয়েছেন বলেও দাবি করেন। উল্লেখ্য, ন্যাটো নেতৃত্বাধীন সেনাবাহিনী তালেবান বিরোধী অভিযান চালাতে ১২ বছর ধরে এই কাবুল বিমানবন্দরটি ব্যবহার করে আসছে। আর এ কারণেই এই বিমানবন্দরটিকে প্রায়ই টার্গেট করছে তালেবান জঙ্গিরা। এদিকে এবিসির নিউজে বলা হয়েছে কাবুল বিমানবন্দরের বাইরে বিদেশি কম্পাউন্ডের কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার কথা বলা হয়েছে।