উত্তাপ ছড়ানোর আশঙ্কা ফ্রান্সে
গাজা-ইসরাইল সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে দুইদিনের ব্যবধানে দু’বার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ইহুদি মালিকানাধীন দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলীতে দুটি সিনাগগে বিক্ষোভকারীদের হামলা ঠেকিয়েছে দাঙ্গা পুলিশ। ইহুদি অধ্যুষিত একটি শহরে গাজাপন্থি বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। —দ্য ইন্ডিপেনডেন্ট
পুতিনের জনসমর্থন তুঙ্গে
ইউক্রেইনে সঙ্কট এবং একে কেন্দ্র করে ইউরোপীয় প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঘোরতর সংঘাতের পরও কয়েকবছরের মধ্যে এ সময়ই সবচেয়ে বেশি জনসমর্থন পাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নাগরিকরা এমনকি স্বাধীনতা, সামরিক বাহিনী এবং নির্বাচন নিয়েও সন্তুষ্ট। নতুন এক গ্যালাপ জরিপে এ তথ্যই বেরিয়ে এসেছে। পুতিনের কর্মকান্ড সমর্থন করেছেন ৮৩ শতাংশ রুশ নাগরিক। এ হার ২০০৮ সালের সঙ্গে মিলে গেলেও ২০১৩ সালের তুলনায় তা ২৯ শতাংশ বেশি।—বিডিনিউজ
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন
ইন্দোনেশিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। নির্বাচন শেষে দুই প্রার্থীর উভয়েই জয় দাবি করেছিলেন। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। —বিবিসি
সপ্তাহে কাজ মাত্র তিনদিন!
কাজ আর কাজ ফুরসত আর মেলে না প্রতিনিয়তই এ চিন্তায় মন মেজাজ থাকে খিচিয়ে। কাজটা যদি আরেকটু কমানো যেত! হ্যাঁ মানুষের মনের এ কথাটিই শেষ পর্যন্ত বলে দিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনকুবের কার্লোস স্লিম। সপ্তাহে তিনদিন কাজ করাই যথেষ্ট বলে মনে করেন মেক্সিকোর এ ধনকুবের। এতে করে মিলবে বিশ্রামের জন্য আরো সময়। বাড়বে জীবনের গুণগতমান।—বিডিনিউজ
ধূমপানের ক্ষতিপূরণ ২৩৬০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের আর জে রেনল্ডস টোবাকো কোম্পানিকে ফুসফুস ক্যান্সারে ১৮ বছর আগে মারা যাওয়া এক অবিরাম ধূমপায়ীর বিধবাকে ২ হাজার ৩৬০ কোটি ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার রাতে ফ্লোরিডার একটি আদালত ক্ষতিপূরণ মামলায় এ রায় দেয়। আর জে রেনল্ডস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সিগারেট নির্মাতা প্রতিষ্ঠান।—রয়টার্স
