আর্থিক খাতের সক্ষমতা, স্বচ্ছতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, সার্বিক স্থিতিশীলতা সংরক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সুপারভিশন কার্যক্রম পরিচালনা করছে। সুপারভিশনকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তা করতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা পরিশ্রম করে যাচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ সফল করতে অন্য ব্যাংকগুলোরও দায়িত্ব আছে। তারা যদি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে গাফিলতি করে তবে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে তার কিছু দৃষ্টান্তও উপস্থাপন করা হয়েছে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান এসব কথা বলেন। গত সোমবার ঋণ বিতরণে অনিয়ম বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের প্রতি গভর্নরের হুঁশিয়ারির পর গতকাল সুপারভিশন বিষয়ে ব্যাংকগুলোর প্রতি হুঁশিয়ারি দিলেন ডেপুটি গভর্নর। ‘বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন সাম্প্রতিক উদ্যোগমালা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম. মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং মহাব্যবস্থাপক এস.এম. রবিউল হাসান।
