ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:০৮
প্যালেস্টাইনের গাজায় বেসামরিক জনগণের উপর ইসরাইলের নির্বিচারে বোমা-মিসাইল-রকেট হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। রিপোর্ট ইত্তেফাত প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ কমরেড ওবায়দুল্লাহ মূসা, বাসদ ১নং জোনের সমন্বয়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একটা বানোয়াট ও মিথ্যা অভিযোগ তুলে ইসরাইল গত কয়েকদিন ধরে গাজা উপত্যকায় ‘অপারেশন প্রকেক্টিভ এজ’ নামের বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫ শতাধিক প্যালেস্টাইনি নাগরিক নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। আহত হয়েছে শত শত। সমাবেশ থেকে গাজার ওপর ইসরাইলি হামলা বন্ধে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘসহ বিশ্ব সমপ্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এবং ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বাংলাদেশসহ বিশ্বের সাম্রজ্যবাদ-বিরোধী, যুদ্ধবিরোধী, গণতন্ত্রকামী শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানানো হয়। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সম্মিলিত নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কবি জুয়েল মাহমুদের সভাপত্বিতে এ সমাবেশ করা হয় । ইসরাইলের মানবতা বিরোধী হামলার প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন ,অবিলম্বে গাজায় ইসরাইলের মানবতা বিরোধী হামলা বন্ধ করতে হবে । এ সময় নিন্দা প্রকাশে ইসরাইলের পতাকা দাহ করা হয় । প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম রেনু, হা,ম,আ ওয়াদুদ, মো. শাহিন ,মো.নাছির উদ্দিন আহেমদ প্রমূখ । ভাঙ্গা (ফরিদপুর) ভাঙ্গা বিশ্বরোড চত্বরে চেতনায় ভাঙ্গা সংগঠনের আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। শতশত মানুষ হাতে হাত রেখে ঘন্টাব্যাপি দাড়িয়ে থেকে প্রতিবাদ করেন। সংক্ষিপ্ত বক্তবে বক্তরা জাতিসংঘকে অন্ধ আখ্যা দিয়ে বিশ্ব নেতৃবৃন্দদের কাছে ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর অনুরোধ করেন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এ্যাপোলো নওরোজ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাঈদ মাসুদ, জননেতা ডাঃ রোজাউল করিম, প্রফেসর সরোয়ার হোসেন, প্রফেসর হেদায়েত হোসেন, ধর্মপ্রান মুসল্লী, সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার মানুষ।