টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হচ্ছে নাটক। আর সেইসব নাটকের প্রতি দর্শকদের আগ্রহ থাকে যেগুলোতে জনপ্রিয় তারকারা অভিনয় করেন। এছাড়া ভালো গল্প ও পরিচালকের নির্মাণশৈলী বুঝেও নাটক দেখেন কিছু কিছু দর্শক। এবারের ঈদে প্রচারিতব্য কয়েকটি ভালো নাটকের খবরাখবর নিয়ে আমাদের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ
স্বৈরাচার
ঋত্বিক দাবি করে সে একজন সিস্টেমবিরোধী ফিল্মমেকার। ‘মার্কস এবং কোকাকোলার সন্তানেরা’ নামে সে একটা ফিল্ম বানাতে চায়। সেখানে অভিনয় করাতে চায় ঢালিউডের ব্যস্ততম নায়িকা সোফিয়াকে। স্টারসুলভ অবহেলায় এক নিউকামার ফিল্মমেকার ও তার ভিন্নধারার স্ক্রিপ্টকে খারিজ করে দেয় সোফিয়া। ক্ষ্যাপা ঋত্বিক তাকে কিডন্যাপ করে। ঋত্বিক চায় ঢাকাই চলচ্চিত্রের প্রথাগত সোফিয়া নিজেকে ভেঙে হয়ে উঠুক সোফিয়া লরেন, অড্রে হেপবার্ন। বিচিত্র চরিত্র নিজের মধ্যে ধারণের মাধ্যমেই তথাকথিত স্টার হয়ে উঠতে পারে প্রকৃত অভিনেত্রী। স্বৈরাচারী ঋত্বিক মেকআপ-গেটআপ-ফটোসেশনে সোফিয়াকে বিভিন্ন লুকস দেয়। নানাবিধ চলচ্চিত্র দেখতে বাধ্য করে। চলচ্চিত্রের প্রতি তার প্যাশন সোফিয়াকে যেমন ধীরে ধীরে ঋত্বিকের দিকে টানে তেমনি ক্যারিয়ার ও পরিবারের চিন্তা তাকে সতর্ক করে। পুলিশের তত্পরতায় একপর্যায়ে আস্তানা ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয় ঋত্বিক। সোফিয়া যদিও বলে ঋত্বিক কিডন্যাপার না, ফিল্মমেকার। কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে। যাওয়ার সময় দূর থেকে সিস্টেমবিরোধী ঋত্বিক বলে যায়, ‘ওদের বলে দিও মাঝে মাঝে হারিয়ে যাওয়াটাও জরুরি, গল্পের অংশ অ্যাক্ট্রেস!’—এমনি বৈচিত্র্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের এক খণ্ডের নাটক ‘স্বৈরাচার’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন লাক্সতারকা মিম, নিশো, শম্পা রেজা, আফজাল কবির প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান ইনভেনশনের ব্যানারে নির্মিত নাটক ‘স্বৈরাচার’ ঈদের অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হবে।
দ্য পেইন্টার
নাট্যনির্মাতা সৈয়দ আওলাদ এবারের ঈদের জন্য নির্মাণ করেছেন এক খণ্ডের নাটক ‘দ্য পেইন্টার’। মাসুম রেজার রচনায় এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, তারিন, মীর সাব্বির, অয়ন চৌধুরী, নোবেল প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, জনপ্রিয় নাট্যকার-পরিচালক নিসর্গ রশিদের ফোন পেয়ে শায়লা বেশ অবাক। এই নিসর্গ রশিদ এক সময় পাগলের মতো ভালোবাসতো শায়লাকে। সে অবশ্য অনেকদিন আগের কথা। আজকের ফোনটা অবশ্য প্রেমের কারণে নয়, নাটকের কারণে। নিসর্গ রশিদের নতুন নাটক সূর্যমুখী মেয়েতে সূর্যমুখী চরিত্রটির জন্য শায়লাকে প্রয়োজন তার। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে নাটকের চরিত্র আর স্ক্রিপ্ট পছন্দ হলে নাটকটিতে অভিনয় করা তার উচিত। তার উপর নিসর্গ রশিদ একজন গুণী নির্মাতা। তার প্রস্তাব ফিরিয়ে দেওয়া মানে, হয়তো বছরের সেরা নাটকটি ফিরিয়ে দেওয়া। কিন্তু নিসর্গ রশিদের এক সময়কার ভালোবাসার কথা জানে শায়লার স্বামী আরেক জনপ্রিয় নাট্যকার গোলাম ফারুক। কী করবে শায়লা? ‘দ্য পেইন্টার’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
শুভ প্রাপ্তি
শুভ প্রেমের ব্যাপারে ‘ওয়ান আফটার অ্যানাদার’ চিন্তায় অভস্ত্য। অন্যদিকে প্রাপ্তি, শুভ ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চায় না। দুজনের মানসিকতার এই ভিন্নতার কারণে দিনে দিনে তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে শুভ প্রতারণার শিকার হয়ে সব হারিয়ে বুঝতে পারে প্রাপ্তির ভালোবাস। ততদিনে প্রাপ্তি বসে পড়ছে বিয়ের পিঁড়িতে। এরকম নানা টানাপোড়নের ভিতর দিয়ে এগিয়ে যায় গল্প। ‘শুভ প্রাপ্তি’ শিরোনামের এমনি একটা প্রেমের গল্প অবলম্বনে নির্মিত নাটকে জুটিবদ্ধ হয়েছেন নিলয় মিথিলা। দাউদ হোসাইন রনি ও শারমিন জয়ার রচনায় নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যপরিচালক কৌশিক শংকর দাশ। নাটকটি ঈদের দিন রাত আটটা পাঁচ মিনিটে বিরতিহীন প্রচার হবে বাংলাভিশন। গল্পের ভিন্নতা, অভিনয়দক্ষতা ও পারস্পারিক সহযোগিতা সবমিলে টিভি নাটকে প্রথমবারের মতো জুটিবদ্ধ হওয়া নিলয় ও মিথিলা ব্যাপরটাকে শুভপ্রাপ্তি বলেই মনে করছেন।
প্রিয়
হালের জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ ঈদের জন্য নির্মাণ করেছেন এক খণ্ডের নাটক ‘প্রিয়’। এতে অভিনয়ে তৌকীর আহমেদ, ভাবনা, লুত্ফর রহমান জর্জ, এলিয়েন শুভ্র প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, বসন সচ্ছল পরিবারের মেয়ে, সে ভালোবাসে অমিত নামে একজনকে। অমিত বিবাহিত। বসন একদিন অমিতের কাছে চলে এলেও কোনো এক বাহানায় তাকে বিদায় করে অমিত। এদিকে সাদিক নামের এক যুবক সত্ মা সত্ বোনের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ঘর ছাড়া। ঘর ছাড়া বসন এবং সাদিক কোনো এক কারণে একদিন ধরা খায় পুলিশের কাছে। পুলিশের হাত থেকে বাঁচতে দুজনেই পালিয়ে উঠে চলন্ত বাসে। চলে যায় রাঙামাটি। পাহাড়ি শহরে তাদের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। বসন অমিতের টান অনুভব করে। কিন্তু সাদিক যখন বসনকে অমিতের কাছে নিয়ে যায়। বসন বুঝতে পারে অমিত নয়, সাদিকই তার প্রকৃত ভালোবাসা। ‘প্রিয়’ নাটকটি চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।
