ঈদে বাপ্পি-মাহির

হানিমুন

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২০:০০
ঈদে মুক্তি পাচ্ছে তারুণ্যের ক্রেজ বাপ্পি-মাহি অভিনীত ভালোবাসার নতুন গল্পের চলচ্চিত্র ‘হানিমুন’। সাফিউদ্দীন সাফি পরিচালিত পারিবারিক-রোমান্টিক এই ছবিতে আরও দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম এবং আহমেদ শরীফ। অভিনব পোস্টার আর জমজমাট প্রচারণায় খুব অল্প সময়ের মধ্যেই আলোচনার পাল্লা ভারি করেছে ঈদের এই ছবিটি। সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন দ্যুতি ছড়াচ্ছে বাপ্পি এবং মাহির এই রোমান্টিক সিনেমাটি। টিভি রেডিও এমনকি ফেসবুক, ইউটিউবেও ‘হানিমুন ঝড়’। এখানেই শেষ নয়, এবার অনন্য এক রেকর্ড সৃষ্টি করল হানিমুন একটি গান। দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা হানিমুনের আলোচিত ‘ভালো না বাসলে বোঝা কী যায়’ শিরোনামের গানটি ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন হুলস্থূল পড়ে যায় দর্শকের মাঝে। প্রথমদিনেই এক লাখ ৫১ হাজার ৪২৪ জন দর্শক গানটি দেখেন। সেসঙ্গে লাইক পায় ৮২১টি এবং গানটি শেয়ার করেন ৭৪ জন। ঢালিউডের সিনেমায় এমন ঘটনা বিরল। পরেরদিনের সংখ্যা এক লাখ ৭০ হাজার ৪৮। এই চলচ্চিত্র নিয়ে মাহি বলেন, ‘আমার বিশ্বাস গল্প গান লোকেশন ও নির্দেশনায় একটি পরিপূর্ণ সুস্থ বিনোদনের চলচ্চিত্র হয়েছে এটি। দর্শক ছবিটি দেখে ঈদের পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন। আর আমার অভিনয় দেখে নির্মল আনন্দ পাবেন।’ বাপ্পির ভাষ্যে, ‘মনের মতো গল্প ও চরিত্রের একটি ছবিতে অভিনয় করলাম। দর্শক ঈদে ছবিটি দেখে মজা পাবে ও তাদের ঈদের আনন্দে পূর্ণতা আসবে বলে কথা দিতে পারি। আমি এই পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, প্রতিটির গল্প ও এতে আমার চরিত্র ছিল একেবারেই ভিন্ন ও নতুনত্বে ভরা। হানিমুন ছবিটির ক্ষেত্রেও তাই।’ জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত ‘হানিমুন’ নিয়ে পরিচালক সাফিউদ্দীন সাফি বলেন, ‘এই ছবি নিয়ে শুরু থেকেই বলে আসছি—এটি একটি মন ভিজে যাওয়া এবং মন ছুঁয়ে যাওয়ার সিনেমা। সিনেমাটিকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলতে যা যা করা দরকার, তার সবই করেছি। মনোরম সব লোকেশনে শুটিং করেছি। পোশাক-আশাক এবং গানেও আনা হয়েছে বৈচিত্র্য। সবমিলিয়ে অন্যরকম এক চমক দেখতে পাবে দর্শক।’ তিনি আরও বলেন, ‘আসলে গল্পের জন্যই ছবি চলে। এই ছবির গল্প সমৃদ্ধ বুনোটে ঠাসা। তাই নিঃসন্দেহে ঈদের সেরা ছবি হিসেবে এটি দর্শকের মন কাড়বে।’