জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও সাবার গাওয়া দুটি গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। দেলোয়ার আরজুদা শরফের লেখা ভালোবাসার গান দুটি এখন এই প্রজন্মের তরুণ-তরুণীদের মুখে মুখে। শ্রোতাপ্রিয় গানের গীতিকার ও গায়ক-গায়িকা নিয়ে সম্প্রতি আমরা এক আনন্দ আড্ডার আয়োজন করেছিলাম। সেখানে তারা বলেছেন তাদের গানের নানা গল্প ও ভাবনা নিয়ে। সেই আলাপচারিতার উল্লেখযোগ্য অংশ
নিয়ে লিখেছেন
খালেদ আহমেদ ও
ছবি তুলেছেন
সোহেল মামুন
স্বপ্নকে বুকে লালন করে সবাই কাজ করেন নিজের গণ্ডিতে। ভালো কাজের মাধ্যমে অনেকেই পান প্রশংসা। কেউ কেউ সেই প্রশংসাকে পুঁজি করে আরও সামনে এগিয়ে যান, আবার কেউ হয়তো নিজের অর্জিত জায়গা থেকে ছিটকে পড়েন। গীতিকার দেলোয়ার আরজুদা শরফ ক্যারিয়ারের শুরু থেকে নিজের স্বকীয় অবস্থান ধরে রেখেছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও নিজের সাফল্য বলয়ে আছেন এখনও। আর সাবা গায়িকা হিসেবে নবীন হলেও চেষ্টা করছেন সময়ের সাথে সাথে নিজেকে ঋদ্ধ করতে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে গাওয়া প্রসঙ্গে সাবা বলেন, ‘আমি বড় হয়েছি আসিফ ভাইয়ের গান শুনে। ভাবিনি তার সাথে কখনও গান গাইব। স্বপ্ন ছিল যদি তার সাথে গাইতে পাই। ২০০১ সালে আমার গানের শুরু। ‘মার্ক অলরাউন্ডার’ চ্যাম্পিয়ন না হতে পারায় ক্ষোভ ছিল কিন্তু এখন গান নিয়ে অনেক দূর যেতে চাই। ২০১১-তে মাহমুদ অলির মিক্সড অ্যালবামে কাজ করি। তখন সবাই আমাকে চিনতে শুরু করেছে। তখন অনেকে আমাকে সলো অ্যালবাম করতে বলে। এরপর দেলোয়ার ভাইয়ের সাথে পরিচয়। প্রথমে গানটির প্রথম লাইন শুনলাম। আসিফ ভাইয়ের সাথে গান করব তা আমি জানতাম। চারটায় আসিফ ভাইয়া চলে আসে। আমি একটু পরেই আসি। আসিফ ভাই ভয়েস দিলেও আমার নার্ভাসনেস ছিল। তিনি আমাকে উত্সাহ দেন। গানটি ভালো হয়ে গেল। আমি তো মহা খুশি।’ ‘পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস কর/ হূদয় আমার আরও বড় হোক না জীবন ক্ষুদ্র/তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র’ এমন কথার গানটি দিয়ে আসিফ ও সাবার এক সাথে গাওয়া শুরু। দেলোয়ার আরজুদা শরফের লেখা এই গানটির সুর করেন নাজির মাহমুদ এবং মিউজিক করেন মুশফিক লিটু। সাবার প্রথম সলো অ্যালবাম ‘অনলি সাবা’তে গানটি ছিল। অ্যালবামটি রিলিজের পর শ্রোতারা ভালোবাসার এই গানটি বেশ ভালোভাবেই গ্রহণ করে। বলা যায়, তাদের গাওয়া প্রথম ডুয়েট গান সুপার হিট হয়েছে। তাই আবারও একসঙ্গে গান করলেন এই দুই কণ্ঠশিল্পী। ভালোবাসার দ্বিতীয় গানটিও লিখলেন দেলোয়ার আরজুদা শরফ। ‘সাগরের সব ঢেউ এক সাথে যায় কি দেখা/ হূদয়ের সব কথা এক রাতে যায় কি লেখা/ তুমি আমার ভালোবাসা একটু চাঁদের হাসি/যতটুকু ভালোবাসি তোমায় মন থেকে ভালোবাসি’ কথার গানটি এবারও সুর করেন নাজির মাহমুদ এবং মিউজিক করেন মুশফিক লিটু। গানটি আগামী কোরবানির ঈদে ‘সাবা-২’ অ্যালবামে প্রকাশ পাবে। আড্ডার শুরুতে জানতে চাওয়া হয়েছিল নতুন কোনো গান নিয়ে নিয়ে স্বপ্নটা কেমন থাকে? জবাবে গীতিকার দেলোয়ার আরজুদা শরফ বলেন, ‘যখন কোনো নতুন গান মাথায় আসে অবশ্যই তা নিয়ে একটা স্বপ্ন তৈরি হয়। গানটি লিখে ফেলার পর সেটা নিয়ে শুরু হয় আরেকটি স্বপ্নের যাত্রা। কাকে দিয়ে সুর করাব, কাকে দিয়ে সংগীতায়োজন করাব এবং কাকে দিয়ে গানটি গাওয়ানো হবে। যখন সবগুলো ধাপ সম্পন্ন হয় এবং গানটি শ্রোতাদের কাছে পৌঁছায়, তখন অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। সব মিলিয়ে একটা সুখের অনুভূতি বলা যায়।’ তার কথা শেষ হতেই কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘নতুন কোনো গান গাওয়ার আগে কিছুটা উদ্বিগ্ন থাকি। সুর ও কম্পোজিশন ভালো হলে গায়কীটাও ভালো হয়।’ তার মুখের কথা কেড়ে নিয়ে সাবা বলেন, ‘আসিফ ভাইয়ার সাথে আমিও একমত। নতুন কোনো গানের গাওয়া আগে মনের ভেতর একটা ফিল তৈরি হয়।’ দ্বিতীয় গান নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে আসিফ আকবর বলেন, ‘সাবার সাথে প্রথম গানটি শ্রোতাপ্রিয় হওয়ার পর দ্বিতীয় গানটি করার চিন্তা করলাম। এই গানটির কথা, সুর ও মিউজিক অনেক ভালো হয়েছে। আশা করছি এটিও সুপার হিট হবে।’ একই রকম প্রত্যাশা সাবারও।
