চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। রেজানুর রহমান এবার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘লাগ ভেলকি লাগ’। এতে অভিনয় করেছেন শাহাদাত্ হোসেন, তানিয়া বৃষ্টি, সাদিয়া জাহান সাজিন, মাহবুবা রেজানুর, জিনাত রেহানা লুনা, শাহীন মৃধা, শাহরিয়ার সুমনসহ অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, ঢাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে একটি ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় ফরহাদ ও স্বর্ণলতা নামের দু’জন তরুণ-তরুণীকে। একসময় তাদের দুইজনের মধ্যে বেশ সখ্যতা ছিল। বিয়ে করার কথাও ভেবেছিল দু’জন। কিন্তু পারিবারিক অমতের কারণে বিয়ে তো দূরের কথা যোগাযোগও বন্ধ হয়ে যায় দু’জনের। অনেকদিন পর রেল স্টেশনে পরস্পরকে দেখে অতীতের কথা ভাবে তারা। দু’জন দু’জনকে নানা প্রশ্ন করে। ফেলে আসা জীবনের নানা ঘটনার মুখোমুখি হয়। দু’জনই আবার বন্ধুত্ব গড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ট্রেন স্টেশনের দিকে যতই এগিয়ে আসে ততই এক ধরনের অজানা আশঙ্কা, ভয় গ্রাস করতে থাকে দু’জনকে। একসময় ট্রেন আসে। স্টেশনে ট্রেন থামে। ট্রেন থেকে অন্যান্য যাত্রীর সঙ্গে দু’জন ভদ্রমহিলা নামেন। সাথে সাথে পাল্টে যায় পরিবেশ পরিস্থিতি। তারপর ঘটতে থাকে নানা অপ্রীতিকর ঘটনা। ‘লাগ ভেলকি লাগ’ নাটকটি প্রচারিত হবে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে।
