খোঁজখবর

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২০:০৩
দেশের গানে সুবীর নন্দী কথাসাহিত্যিক জুলফিয়া ইসলামের লেখা দেশের গানে কণ্ঠ দিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী। পদ্মা মেঘনা সুরমা যমুনা/মতো যে নদীর মোহনা এক হয়ে মিলেছে সে এক দেশ/সে যে আমার প্রিয় বাংলাদেশ। দেশমাতৃকার এ গানে সুর ও সংগীতায়োজন করেছেন সৃজনশীল সুরকার ও সংগীত পরিচালক শাহীন সরদার। সম্প্রতি নিউ ইস্কাটনে প্রমিক্স স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। জুলফিকার ইসলাম বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হওয়ার পর সুবীর নন্দীর কণ্ঠে তার প্রথম গান রেকর্ড হলো। গানটি প্রসঙ্গে শিল্পী সুবীর নন্দী বলেন, ‘গানটির লেখা ও সুর ভালো লেগেছে, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ সুরকার শাহীন সরদার বলেন, ‘দেশের গানের জন্য সুবীর দার কণ্ঠ অসাধারণ। সেই সাথে জুলফিয়া ইসলামের লেখাও ভালো। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে—আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ ০০০০০০০০০ ‘সংসার যাপন’-এ শিউলী শিলা আসছে ঈদ উপলক্ষে একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী শিউলী শিলা। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় ‘সংসার যাপন’ নাটকে তিনি অভিনয় করেছেন। এ নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেছেন। শিউলী শিলা বলেন, ‘সংসার যাপন’ নাটকটির গল্প খুব চমত্কার। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। এ নাটকে আমার সার্বক্ষণিক সহশিল্পী হিসেবে যাকে পেয়েছি তিনি হচ্ছেন খালেদা আক্তার কল্পনা। একজন মানুষ হিসেবে তিনি যেমন অসাধারণ। ঠিক তেমনি একজন অভিনেত্রী হিসেবেও অতুলনীয়। তারসাথে কাজ করতে পেরে আমি অভিনয় সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি।’ সর্বশেষ তিনি বেলাল আহমেদের নির্দেশনায় ‘অনিশ্চিত যাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ০০০০০০০০০০০ ভিন্নধর্মী গল্প নিয়ে... মাসুদ সেজানের নাটক মানেই দর্শকের এক ধরনের বাড়তি আগ্রহ, যা তৈরি হয়েছে তার নিজস্ব সংলাপভঙ্গি আর স্বকীয় পরিচালনার গুণে। সময়ের আলোচিত নির্মাতা মাসুদ সেজান এবারের ঈদে দর্শকদের জন্য নির্মাণ করেছেন ভিন্নধর্মী গল্প নিয়ে একটি ধারাবাহিক ও একটি খণ্ড নাটক। এরমধ্যে ‘ফরমাল-ইন’ শিরোনামের ছয় পর্বের ধারাবাহিক নাটকটি প্রচার হবে বাংলাভিশনে এবং এক খণ্ডের নাটক ‘চিচিং ফাঁক’ প্রচার হবে আরটিভিতে। আর এই নাটক দুটিতে ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও মোশাররফ করিম মূল চরিত্রে অভিনয় করেছেন। ঈদের নাটক প্রসঙ্গে মাসুদ সেজান বলেন, ‘সমসাময়িক ঘটনা এবং আমাদের চারপাশের চেনা চরিত্রগুলো নিয়ে আমার নাটকের গল্প। আমার বিশ্বাস করি, আমার নাটকের যারা নিয়মিত দর্শক তারা এই দুটি নাটকের মধ্য দিয়ে আরও একটি নতুন বিনোদন স্বাদ গ্রহণ করতে পারবেন।’