ঈদের বৈচিত্র্যময় অনুষ্ঠান

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২০:০৩
ঈদের আসলে বিভিন্ন চ্যানেল দর্শকদের আনন্দ দিতে নির্মাণ করে বৈচিত্র্যময় নানা অনুষ্ঠান। এবারের ঈদের জন্য নির্মিত কয়েকটি অনুষ্ঠানের কথামালা নিয়ে এবারের আয়োজন। লিখেছেন লিমন আহমেদ আনন্দমেলা বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ঈদ ‘আনন্দমেলা’র টাইটেল গানের সুর ও সংগীতায়োজন করলেন তানভীর তারেক। অনুরূপ আইচের কথায় দেশের ৫ তরুণের কণ্ঠে ঈদের অন্যতম গান হিসেবে ‘আনন্দমেলা’র টাইটেলের শুটিং হলো সম্প্রতি বিটিভির স্টুডিওতে। ‘আনন্দমেলা’ টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, মেহরাব নাওমী, পূজা ও তানভীর তারেক। আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় এবারের ‘আনন্দমেলা’র পুরোটাই নির্মিত হচ্ছে তরুণদেরকে প্রাধান্য দিয়ে। টাইটেল গানে কাজ প্রসঙ্গে সুরকার তানভীর তারেক বলেন, ‘প্রথমে যেদিন আনজাম ভাই এ কাজটির কথা বললেন সেদিন থেকে গানটি তৈরি হতে প্রায় ১ মাস সময় লাগে। বিটিভির ‘আনন্দমেলা’ ছাড়া যেন বাঙালির ঈদ সম্পূর্ণ হয় না। সেই ‘আনন্দমেলা’র অংশীদার হতে পেরে ভালো লাগছে। গানটিতে বেশ কিছু মিউজিক্যাল ফর্ম রয়েছে। আমার এই দীর্ঘ পরিশ্রমলব্ধ কাজটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ কিছু গল্প কিছু গান ব্যতিক্রমী একটি সংগীতানুষ্ঠান নিয়ে এবারের ঈদে এটিএন বাংলা’র পর্দায় হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনুষ্ঠানে গল্প আর গানে দর্শকদের মাতাবেন শিল্পী। ‘কিছু গল্প কিছু গান’ শিরোনামে ঈদের বিশেষ এই সংগীতানু্ষ্ঠানে গানের পাশাপাশি রয়েছে গানের নেপথ্য গল্প, মমতাজের শিল্পী জীবনের অজানা গল্প এবং প্রাণবন্ত আড্ডা। রুকসানা কবীর কাকলীর সঞ্চালনায় ব্যতিক্রমী উপস্থাপনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত ১১টা ৫০ মিনিটে। হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে মুখোমুখি হলেন জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। শাওন আহমেদের উপস্থাপনায় ঈদে বাংলাভিশনে প্রচার হবে ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’। অনুষ্ঠানে এই দুই অভিনেতা জানিয়েছেন অজানা অনেক গল্প। ‘হুমায়ূন আহমেদকে নিয়ে যেকোনো ধরনের আড্ডা আমার ভালো লাগে। আর সেই আড্ডা যদি হয় প্রিয় মানুষদের সাথে, তাহলে তো আরও ভালো’, জানালেন অনুষ্ঠানের উপস্থাপক শাওন আহমেদ।