ধুলোর গান
সম্প্রতি বাজারে এসেছে মাহমুদ মানজুরের কথায় কিশোরের সুর ও সংগীতে মিক্সড অ্যালবাম ধুলোর গান। অ্যালবামে গান গেয়েছেন শফিক তুহিন, প্রীতম, জয় শাহরিয়ার, ইমরান, পারভেজ, পুলক, সাকিব, বৃহান ও কিশোর। গীতকার মাহমুদ মানজুর বলেন, ‘সময়ের কথা ধারণ করে এই অ্যালবামের গানগুলো লেখা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’ অ্যালবামটি প্রকাশ করেছে সিডি চয়েজ।
০০০০০০০০০০
এক পৃথিবী দুঃখ
প্রোটিউন বাজারে নিয়ে এসেছে নবাগত শিল্পী আর-কে রিগানের প্রথম একক গানের অ্যালবাম ‘এক পৃথিবী দুঃখ’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—বাংলাদেশ, বিধাতা, চন্দ্রময়ী, সবাই বলে, ভালোবাসার সূর্যোদয়, কখনও নবজাত। গানগুলো লিখেছেন এবি অনুপ, সংগীত পরিচালনা করেছেন রুমি সেন, সুর করেছেন আরকে রিগান ও এবি অনুপ। গানগুলো গ্রামীণফোন, এয়ারটেল, রবি, টেলিটক গ্রাহকরা রিংব্যাক টোন হিসেবে সেট করতে পারেন।
০০০০০০০০০০০
দূরবীন ৪.০১
এবারের ঈদে দূরবীন এন্টারটেইনমেন্টের ব্যানারেই বাজারে আসছে দূরবীনের নতুন অ্যালবাম। নতুন এই অ্যালবামের নামকরণ ‘দূরবীন ৪.০১’। অ্যালবামে গান লিখেছেন অনুরূপ আইচ, এসআই শহীদ, লতিফুল ইসলাম
শিবলীসহ অনেকে। দীর্ঘবিরতি নিয়ে নিজেদের এই দলীয় অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে দলনেতা শহীদ বলেন, ‘এবারের অ্যালবামে নতুন ধরনের সাউন্ড পাবে দর্শকেরা। এর ভেতরে টিভি লাইভে আমি এই অ্যালবামের বেশ ক’টি গানও গেয়েছি।’
০০০০০০০০০০
গান বন্ধু
লেজার ভিশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে মিক্সড অডিও অ্যালবাম ‘গান বন্ধু’। অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, লাকী আখান্দ ও নিপো। গোলাম মোর্শেদের কথায় অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, লাকী আখান্দ ও নিপো। অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গান হলো—কী পেলে হবো খুশি, ফিরে যেতে যেতে, তোমার অরণ্য, অনেক বৃষ্টির পরে ইত্যাদি।
