সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন জাতীয় নাট্যশালায় কণ্ঠশীলন প্রযোজিত নতুন নাটক ‘যা নেই ভারতে’-এর উদ্বোধনী মঞ্চায়ন হলো। মহাভারতের কাহিনী অবলম্বনে বর্তমান সময়কে ধারণ করে নাটকটি রচনা করেছেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র এবং নির্দেশনার দায়িত্ব পালন করছেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত। উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘বলা হয়ে থাকে নাটক জীবনের দর্পণ। নাট্যকারের মুন্সিয়ানা সেখানেই, যেখানে সমসাময়িক সময়, সমাজ ও নানা সামাজিক সমস্যা ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে উপস্থাপন ভঙ্গিতে।’
