তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার শিখর শাহনিয়াত। নাটক নির্মাণ নিয়েই চলছে তার বর্তমান ব্যস্ততা। আগামী ২৬ জুলাই এনটিভির পর্দায় রাত ৯টায় প্রচারিত হতে যাচ্ছে তার দ্বিতীয় একক নাটক ‘পলাশ রাঙা বউ’। নাটকটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শিখর। নাটকটিতে অভিনয় করেছেন ফারহানা মিলি, এফএস নাঈম, আব্দুল্লাহ রানা, আলোক ফাহিমান। একজন চিত্রনাট্যকার ও একটি সাধারণ মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি। তবে ঈদে কোনো কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন না শিখর। এ প্রসঙ্গে শিখর বলেন, ‘ঈদের কাজগুলো খুব চ্যালেঞ্জিং। কারণ এখন এত চ্যানেল যে নিজের নাটক যদি দর্শকদের দৃষ্টিকে কেড়ে নিতে না পারে তাহলে ব্যর্থ। তাই সেই প্রতিযোগিতার জায়গাটার জন্য নিজেকে আরও একটু গুছিয়ে নিতে চাই।’ উল্লেখ্য, তার প্রথম একক নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ বেশ দর্শক জনপ্রিয়তা পায়। নাটকটিতে অভিনয় করেছিল ফারহান নিশো ও মেহজাবিন।
