দল বদলের রেকর্ড ভাঙ্গতে প্রস্তুত ইউনাইটেড

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১১
ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ লুইস ফন গলের চাওয়া অনুযায়ী খেলোয়াড় আনতে দলবদলের রেকর্ড ভাঙ্গতেও প্রস্তুত। ইংলিশ জায়ান্টদের নির্বাহী ভাইস-চেয়ারম্যান এডওয়ার্ড উডওয়ার্ড এ তথ্য জানিয়ে বলেন, এজন্য ম্যান ইউ’র পর্যাপ্ত অর্থ রয়েছে। এরই মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি ইংলিশ লেফট-ব্যাক লুক শ এবং স্প্যানিশ মিডফিল্ডার অ্যান্ডার হেরেরার পেছনে পাঁচ কোটির বেশি পাউন্ড ব্যয় করেছে। ক্লাবটি আরও ব্যয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন উডওয়ার্ড। সমপ্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপীয়ান প্রতিদ্বন্দ্বীরা দল বদলে বড় অংকের অর্থ ব্যয় করেছে। এরমধ্যে ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কলম্বিয়ার স্ট্রাইকার জেমস রড্রিগেজকে মঙ্গলবার চুক্তিবদ্ধ করেছে রিয়াল মাদ্রিদ। মোনাকো থেকে এই স্ট্রাইকারকে উড়িয়ে আনতে ছয় কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করেছে লা লিগার ক্লাবটি। এদিকে, সাড়ে সাত কোটি পাউন্ডে লিভারপুলের উরুগুয়ান স্ট্রাইকার লুইজ সুয়ারেজকে লা লিগায় উড়িয়ে এনেছে বার্সেলোনা। খেলোয়াড়দের পেছনে ম্যান ইউ বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে সক্ষম কি-না জানতে চাইলে উডওয়ার্ড বলেন, ‘এই পরিমাণ আমাদের সক্ষমতার মধ্যেই আছে। দল বদলের বাজারে ক্লাব এই পরিমাণ তাত্পর্যপূর্ণ অর্থ ব্যয় করার ক্ষেত্রে ভীত নয়। এ ক্ষেত্রে আমাদের রেকর্ড হলো কি-না তা নিয়ে আমরা ভাবছি না।’ গেল মৌসুমে ভরাডুবির পর নতুন কোচ ফন গলের তত্ত্বাবধানে ম্যান ইউ এখন পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে। উডওয়ার্ড জানিয়েছেন, এই কারণেই বড় ধরনের চুক্তির ক্ষেত্রে অনুমোদন দিতে কোনো সংশয়ে নেই ক্লাবটি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো কোচ যেমন সেরা খেলোয়াড়দের চাচ্ছেন তাদের দিকে, যারা কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তারকায় পরিণত হবে। আর্থিক দিক থেকে আমরা খুবই শক্তিশালী অবস্থায় আছি। আমরা বড় বড় চুক্তি করতে পারবো। কোচ কি চান সে ব্যাপারে একটি স্পষ্ট লক্ষ্য পেয়েছি। সে ব্যাপারে কেমন খরচ হতে পারে এ নিয়েও একটি মূল্যায়ন আছে। আমি বিষয়টির সুরাহায় ভালভাবেই দর কষাকষি করবো।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউনাইটেডে আসার ব্যাপারে অনেক খেলোয়াড়ের নাম আলোচিত হচ্ছে। এদের মধ্যে রয়েছেন জার্মানির সেন্টার-ব্যাক ম্যাটস হামেলস, বেলজিয়ামের রক্ষণভাগের খেলোয়াড় থমাস ভেরমালেন এবং নেদারল্যান্ডসের তিন খেলোয়াড় ড্যালে ব্লাইন্ড, স্টিফেন ডি ভ্রিজ ও কেভিন স্ট্রুটম্যান। উডওয়ার্ডের জন্য ক্লাবটিতে গত মৌসুমই ছিল প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা। সে বছরটিতে তার কঠিন সময় গেছে। তিনি জানান, ক্লাবের সমর্থকদের কাছে তিনি এখনো নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন। তিনি বলেন,‘আপনি অভিজ্ঞতা এবং সময়ের মধ্য দিয়েই বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। একদিনেই আপনি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন না। এই দায়িত্বে আমি এখনো শিখছি এবং আমি দীর্ঘ সময় এ প্রয়াস চালিয়ে যাবো। সমালোচনায় আমি কিছু মনে করছি না। কারণ ভক্তরা কি বলে এটা শোনা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট সময়ে সমালোচনাই ইতিবাচক মন্তব্যে রূপ নিতে পারে।’-এএফপি