দীর্ঘ ৬ মাস ৩ দিন পর কথিত সড়ক দুর্ঘটনায় নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডী (৩৫) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে গতকাল বুধবার সকালে অবিদিয় মার্ডীর লাশ নওগাঁর ধামইরহাট কবর থেকে উত্তোলন করা হয়। লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অবিদিয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ১৩ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ব্যাপারে অবিদিয় মার্ডীর বড় ভাই ফাদার স্যামসন মারান্ডী বলেন, তার ছোট ভাই অবিদিয় মার্ডী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে আদিবাসীদের জমি সংক্রান্ত বিষয়ে ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির সাথে দ্বন্দ্ব বাধে। পরবর্তীতে ওই চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়।
