ঢাকা প্রিমিয়ার লিগ

দুই দফায় হবে দলবদল

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:৫১
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে গত মৌসুমেই এক অভিনবত্ব দেখিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। এবার সেই ‘প্লেয়ার বাই চয়েস’ না থাকলেও একটু অভিনবত্ব থাকছে—দলবদল হবে দুই ধাপে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলের খেলোয়াড় ও জাতীয় দলের পুল-বহির্ভূত খেলোয়াড়দের এবং একেবারেই পুলের বাইরের দলবদল অনুষ্ঠিত হবে দুই ভিন্ন ভিন্ন দফায়। সেইসঙ্গে আগের জানামতেই আগামী ১০ অক্টোবর থেকে ২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হবে বলে জানানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে দলবদলের কোনো তারিখ এর আগে ঘোষণা করা হয়নি। তবে ক্লাবগুলোকে সিসিডিএম জানিয়েছিল, আগামী ৬ ও ৭ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসছে মৌসুমের দলবদল। কিন্তু গতকাল জানানো হল, পুলে থাকা ও জাতীয় দলের পুল-বহির্ভূত খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ আগস্ট। এর বাইরের সব খেলোয়াড়ের দলবদল অনুষ্ঠিত হবে আগস্টের ২৭ ও ২৮ তারিখে। চারদিনই বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দলবদল চলবে। পুলের খেলোয়াড়দের ক্ষেত্রে বা জাতীয় দলে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে তারা ক্লাবের হয়ে যে কয়টি ম্যাচ খেলবেন, মোট অর্থের সেই অনুপাতে অর্থ পাবেন বলেও জানানো হয়েছে। এর আগেই জানা গেছে, ২৩ জনের পুলে স্বভাবতই নাম নেই সাকিব আল হাসানের। তার শাস্তি না কমলে প্রিমিয়ার লিগ ছয় মাসের শাস্তি মেয়াদকালেই শেষ হয়ে যাবে। তাই এবার ২৪ জনের নয়, পুলের তালিকাটা করা হয়েছে ২৩ জনকে নিয়ে। এবারের পুল ভাগ করা হয়েছে দুটি ক্যাটাগরিতে। ব্যাটসম্যান, স্পিনার, উইকেটকিপার ও অলরাউন্ডারদের রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। আর ‘বি’ ক্যাটাগরি করা হয়েছে শুধুই পেসারদের নিয়ে। অন্যান্যবারের মতো এবারও পুলের সর্বোচ্চ তিন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে কোনো একটি ক্লাব। প্রিমিয়ার লিগের জন্য পুল ক্যাটাগরি ‘এ’ : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ, নাসির হোসেন, এনামুল হক, মমিনুল হক, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, জিয়াউর রহমান, শামসুর রহমান, আরাফাত সানি, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, মিঠুন আলী ও ইমরুল কায়েস। ক্যাটাগরি ‘বি’ : মাশরাফি বিন মর্তুজা, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন ও তাসকিন আহমেদ।