আজ আসছে বিশ্বকাপ ট্রফি

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:৫১
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। মাঝে মাঝেই সফরে আসা তো আছেই। এ ছাড়া আয়োজক হিসেবেও এই ট্রফি অনেক দিন ঘুরেছে বাংলাদেশে। তবে এবার সাধারণ মানুষও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ ট্রফিকে। আজ রাতেই প্রমোশনাল সফরে বাংলাদেশে আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। দুই দিনের এই সফরে আগামীকাল সকালে বিসিবি কার্যালয়ে থাকবে ট্রফিটি। সেখানে ক্রিকেটারদের অফিসিয়াল ফটোসেশনশেষে সাধারণের দেখার জন্য নগরীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিকাল পর্যন্ত রাখা হবে তাকে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, অবস্থা বিবেচনা করে দর্শকদের ছবি তোলার সুযোগও করা হতে পারে ট্রফির সঙ্গে। এই ট্রফির সফর সম্পর্কে সুজন বলছিলেন, ‘২০১৫ বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে আইসিসি অংশগ্রহণকারী প্রতিটি দেশে ট্রফি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটারই অংশ হিসেবে আগামীকাল (আজ) রাতে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি আসবে। পরদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বোর্ড কার্যালয়ে থাকবে। সেখানে খেলোয়াড়রা ছবি তুলবেন। এরপর ট্রফি সাধারণের দেখার জন্য রাখা হবে।’