ঘরোয়া ফুটবলে আবাহনী রানার্স আপ

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:৫২
আবাহনী লিমিটেড গতকাল বুধবার স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের রানার্স আপ হলো। পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা এ নিয়ে আরো নিষ্ফলা মৌসুম কাটালো। তবে গেলবারের তৃতীয় স্থান বিবেচনায় তুলনামূলক বিচারে দেশের ঐতিহ্যবাহী দলটি অন্তত এক ধাপ এগোলো। তাও আবার এটাই্ তাদের প্রথম রানার্স আপ হওয়ার ঘটনা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জয়ের সুবাদে ২৭ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো আবাহনী লিমিটেড। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা সংসদের হাতে রানার্স আপ হওয়ার আর কোন সুযোগ থাকলো না। ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ৬০ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন। টিম বিজেএমসি দিনের দ্বিতীয় খেলায় ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। এই জয়ে ২৭ খেলা শেষে টিম বিজেএমসির সংগ্রহ দাঁড়ালো ৩০ পয়েন্ট। তবে হেরে গেলেও সমান খেলায় আগের পাওয়া ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করলো ব্রাদার্স। এদিকে গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসি খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায়। নবম মিনিটে ডান প্রান্ত থেকে বিজেএমসির ফরোয়ার্ড নবীন নওয়াজ জীবনের জোগান থেকে মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু দর্শনীয় শটে গোলের সূচনা করেন। ১৯ মিনিটে জীবনের শট ব্রাদার্সের গোলরক্ষক সুজন রুখে দেন। এরপর ৩০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ব্রাদার্সের শফিকুল ইসলাম। প্রথমে ফয়সাল মাহমুদ গোলবার লক্ষ্য করে শট নেন। বিজেএমসির গোলপিকার নাঈমের হাত থেকে বল ফসকে বেরিয়ে গেলে পাশে থাকা মিডফিল্ডার শফিকুল ইসলাম শটে গোল নিশ্চিত করেন। গোলকিপারের হাত থেকে ফসকে যাওয়া বলে গোল দেয়ায় ব্রাদার্সের শফিকুলের সাথে বিজেএমসির স্যামসনের মধ্যে বেশ কিছু সময় বাকবিতণ্ডা হয়। রেফারি দু’দলের খেলোয়াড়দের মধ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও স্যামসন বাড়াবাড়ি করায় হলুদ কার্ড পান। ৪০ মিনিটের সময় রক্ষণভাগের ভুলে আবারো পিছিয়ে পড়ে ব্রাদার্স। ডিফেন্ডার আশরাফুল করিমের কাছ থেকে বল কেড়ে নিয়ে যে আক্রমণের সূচনা করেন জীবন তা থেকে ইসমাইল বাঙ্গুরাকে কাল ক্ষেপণ না করেই বল জালে জড়িয়ে দেন। বিজেএমসি ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে। বিরতির পর ব্যবধান আরো বাড়ানোর সুযোগ এসেছিলো তাদের। প্রায় মধ্যমাঠ থেকে বল নিয়ে একাই ব্রাদার্সের বক্সে ঢুকে পড়েন ইসমাইল বাঙ্গুরা। কিন্তু গোলরক্ষক সুজনকে পাশ কাটিয়ে গোলে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেলেও সপ্তম স্থান পেয়ে লিগ শেষ করলো বিজেএমসি।