সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আল আলী হত্যা মামলায় দেয়া হাইকোর্টের রায়ের অংশ বিশেষ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের দায়েরকৃত লিভ টু আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ দেন। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্ট এ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড বহাল এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বেকসুর খালাস দেয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম চৌধুরীকে। নিম্ন আদালতের সাজা কমিয়ে হাইকোর্টের দেয়া এই যাবজ্জীবন ও এক আসামির খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে হাইকোর্টের রায়ের অংশ বিশেষ বাতিল চাওয়া হয়।
গতকাল এই লিভ টু আপিলের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তাকে সহায়তা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা।
প্রসঙ্গত গত বছরের ৫ মার্চ মধ্যরাতের পর ঢাকার গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ মামলায় গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। নিন্ম আদালতের ফাঁসির এ রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এছাড়া আসামিরা নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করে। ১ আগস্ট আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়ে ৩ নভেম্বর শেষ হয়। গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্ট এক রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখে। একইসঙ্গে মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পলাতক আসামি সেলিমকে খালাস দেয় হাইকোর্ট।
