শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের প্রশংসা

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:০০
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন্স (ডিপিকেও) এর প্রধান হার্ভে লাডসুস শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশ সদস্যদের সক্ষমতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এর সাথে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন। আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ পুলিশ মোতায়েনকারী দেশ। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে বিশেষ করে কঙ্গো ও হাইতিতে নারী ও শিশুদের উদ্ধার ও পুনর্বাসনে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সময়ের সাথে সাথে জাতিসংঘের ম্যান্ডেট পরিবর্তিত হচ্ছে। তিনি জাতিসংঘ ম্যান্ডেটের সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়ার জন্য ফরাসি ভাষায় দক্ষতা অর্জন, ট্রান্সন্যাশনাল ক্রাইম, ড্রাগ ট্রাফিকিং এবং অরগানাইজড ক্রাইম ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশের পুলিশ প্রধানের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন বিবদমান দেশে পিস বিল্ডিং এর কাজে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ হয়েছে। ভবিষ্যতে এ ক্ষেত্রে নতুন নতুন সুযোগ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পিস বিল্ডিং এর কাজে অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ পুলিশকে অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি পুলিশ প্রধানকে আশ্বাস প্রদান করেন। আইজিপি বলেন, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদান রয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামগ্রিকভাবে নীতি নির্ধারণীসহ সকল পর্যায়ে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আনুপাতিক হারে বাড়ানোর জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলের প্রতি অনুরোধ জানান। আন্ডার সেক্রেটারি জেনারেল এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন বলে আন্তরিক সম্মতি জানিয়েছেন। এছাড়াও তিনি জাতিসংঘের লাইবেরিয়া এবং সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের দুটি নতুন এফপিইউ মোতায়েন করা হবে বলে জানান। সাক্ষাত্কালে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নেল ওয়েলকার, চিফ রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন গ্রেরাড বিকম্যান, সামরিক উপদেষ্টা লে. জেনারেল মাকসুদ কামাল এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মইনুর রহমান চৌধুরী, ডিআইজি (মিডিয়া এন্ড প্লানিং) মোঃ লুত্ফর রহমান মন্ডল, এআইজি (ইউএন এ্যাফেয়ার্স) আসাদুজ্জামান এবং এআইজি (অপারেশন্স) কাজী জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।