কাস্টমস কমিশনার হাফিজুরের সম্পদ বিবরণী চেয়ে নোটিস

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:০০
কাস্টমস কমিশনার এম হাফিজুর রহমান ও তার স্ত্রী মোরশেদা জাহানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের কাছে এ নোটিস পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ওই নোটিস করেছেন। দুদক সূত্রে জানা যায়, এম হাফিজুর রহমানের নামে দেশি-বিদেশি চারটি ব্যাংকে ১৪টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে হাফিজুর রহমানের নামে আইএফআইসি ব্যাংকে নয়টি, প্রাইম ব্যাংকে দুটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুটি ও ন্যাশনাল ব্যাংকে একটি হিসাব রয়েছে। হিসাবগুলোতে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার ও তার স্ত্রীর নামে মোটা অঙ্কের শেয়ার, ধানমন্ডি-গুলশানে একাধিক ফ্ল্যাট, গাড়িসহ নানা সম্পদ রয়েছে। যা তার আয়ের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। নোটিসে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের যাবতীয় সম্পদের হিসাব কমিশনের নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।