ইউক্রেনের দু'টি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২৩:৪৫
ইউক্রেনের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহীরা। গতকাল বুধবার দেশটির পূর্বাঞ্চলের ডোনেস্ক এলাকার আকাশে বিমান দুটি ভূপাতিত করা হয় বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে। ওই অঞ্চলে মালয়েশিয়ার এমএইচ১৭ বিমানটি বিধ্বস্ত হওয়ার মাত্র ছয় দিনের মাথায় এই ঘটনা ঘটলো। ওই ঘটনায় ২৯৮ আরোহীর সবাই নিহত হয়। খবর সিএনএন'র। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আন্তোনভ এন-২৬ নামের পরিবহন বিমান এবং সুখোই সু-২৫ নামের যুদ্ধবিমান দুটিকে বিধ্বস্ত করা হয়। পাইলট প্যারাসুটের মাধ্যমে জরুরি ভিত্তিতে নীচে অবতরণ করেন। ডোনেস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত প্রধানমন্ত্রী সের্গেই কাভতারেতজে জানিয়েছেন, কাঁধে বহন করা যায় এমন ক্ষেপানাস্ত্রের আঘাতে বিমান দুটি ভূপাতিত করা হয়। ইউক্রেনের পূর্বাঞ্চল ডোনেস্ক এবং লুহানস্ক এলাকায় দীর্ঘদিন ধরে ইউক্রেন বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে।