মাদক ব্যবসায়ীদের ডাকে শমশেরনগর-চাতলাপুর সড়কে হরতাল

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২০:৪৮
চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কমলগঞ্জের শমশেরনগর ও চাতলাপুর সড়কে হরতাল ঘোষণা করেছে। বিজিবি’র সচেতনতামূলক মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীদের তালিকা ও সংবাদ প্রকাশ নিয়ে বুধবার বিকালে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রতিবাদ সভা করে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। ১৯ জুলাই বিকালে ১৪ নং বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে শরীফপুরের আমতলা বাজারে সীমান্তে মাদক, চোরাচালান প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি ১৪ নং ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্নেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ করেন। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার সূত্র ধরে মাদক মঙ্গলবার চিহ্নিত মাদক ব্যবসায়ী তানু মিয়ার বড় ভাই শরীফপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনুর সাথে স্থানীয় সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এ বিষয়কে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীর ভাই ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বুধবার বিকাল সাড়ে ৫টায় আমতলা বাজারে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভার শেষ পর্যায়ে ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা শরীফপুর ইউনিয়নে হরতালের ডাক দেন। হরতালের সমর্থনে বুধবার গভীর রাত পর্যন্ত মাইকিং করা হয়। বৃহস্পতিবার ভোর থেকে শরীফপুরে কোন প্রকার যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি।