নাটকের নাম ‘অক্ষয় কোম্পানির জুতো’। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। রুদ্র নামের এক লিটলম্যাগ কর্মীকে ঘিরে এই নাটকের গল্প আবর্তিত হয়েছে। যেখানে রুদ্রের ভালো লাগে এই ঢাকা শহরের সমস্ত জায়গা পায়ে হেঁটে ঘুরতে। প্রতিনিয়ত সে নানা জায়গায় ঘুরে ঘুরে মানুষের বিচিত্র জীবন প্রণালি উপভোগ করে সে। ঢাকার বিভিন্ন অলিগলি পাড়ি দিতে একের পর এক তার পায়ের জুতো ক্ষয় হয়ে যায়। অবশেষে রুদ্র বিশেষ এক টায়ারের তৈরি জুতো আবিষ্কার করে। যে জুতোর কোনো ক্ষয় নেই। সেই জুতোকে ঘিরেই নানা রকম ঘটনার জন্ম হয়। নাটকটিতে অভিনয় করেছেন এফএস নাঈম ও জাকিয়া বারী মম। এসএ মাল্টিমিডিয়া প্রোডাকশন ঈদের অনুষ্ঠানমালায় যে দেশবরেণ্য ছয়জন নির্মাতার নাটক নিয়ে এসএ টেলিভিশনের জন্য যে অনুষ্ঠানমালা সাজিয়েছে এটি তারই অংশ। কাহিনী সংক্ষেপ :রুদ্র একজন তরুণ লিটলম্যাগ কর্মী। তার বন্ধুরা সবাই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও সে এখনো একধরনের বাউণ্ডুলে জীবনযাপন করে। ফলে বাড়ি ভাড়া বাকি পড়ে মাসের পর মাস এবং বাড়িওয়ালির কটুকথায় শুরু হয় তার দিন। নির্বিকার রুদ্রর তাতে তেমন কিছু এসে যায় বলে মনে হয় না। সে শহরের রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ানোটা উপভোগ করে। হাঁটলে চটি ক্ষয় হয়, তাই সে টায়ারের তৈরি বিশেষ ধরনের একটা চটি পরে—যার নাম অক্ষয় কোম্পানির জুতো, এই জুতো কখনোই ক্ষয় হয় না বলেই এমন নাম। রাস্তা হাঁটার সময় শহরের প্রকাণ্ড সব বিলবোর্ডে থাকা সুন্দরীদের প্রেমে পড়া রুদ্রর মজাদার এক ফ্যান্টাসি। লিটলম্যাগ আন্দোলনের সাথে জড়িত বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে আর স্বপ্ন দেখেই দিন কাটে রুদ্রর। মাঝে মাঝে চাকরি করার বাই চাপলে বন্ধুদের সাথে যোগাযোগ করে, বেশিরভাগ বন্ধুই এড়িয়ে যায় তাকে, কারণ চাকরি নিয়ে দুদিন পরে উধাও হয়ে যায় সে! এখন পর্যন্ত তার টেলিকম ইঞ্জিনিয়ার বন্ধু আদিত্য তাকে বিশ্বাস করে, সহযোগিতা করে। চারমাস বাড়ি ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালি তার উপর এমনই ক্ষিপ্ত যে যখন তখন তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে।
